রাজধানীর ফার্মগেটে মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে হতাহতের ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।
রোববার (২৬ অক্টোবর) রাতে ডিএমটিসিএলের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক শোকবার্তায় এই শোক জানানো হয়।
শোকবার্তায় বলা হয়, শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে ফার্মগেট মেট্রো স্টেশনের ‘এ’ গেট সংলগ্ন ৪৩৩ নম্বর মেট্রো পিয়ারের কাছে একটি বিয়ারিং প্যাড খুলে নিচে পড়ে গেলে পথচারী আবুল কালাম আজাদ নিহত হন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। একই ঘটনায় আরও দুইজন আহত হন।
ডিএমটিসিএলের পক্ষ থেকে নিহতের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়ে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়। পাশাপাশি আহতদের দ্রুত আরোগ্য কামনা করা হয়েছে।
ডিএমটিসিএলের পক্ষে শোকবার্তাটি জানান প্রতিষ্ঠানটির পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আলম।



