tanaka
প্রচ্ছদসারাদেশমাটিরাঙ্গায় পর্যটনকেন্দ্রে স্কুলশিক্ষিকা ধর্ষণের শিকার, গ্রেফতার ১

মাটিরাঙ্গায় পর্যটনকেন্দ্রে স্কুলশিক্ষিকা ধর্ষণের শিকার, গ্রেফতার ১

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বন্ধুর সঙ্গে বেড়াতে গিয়ে এক স্কুলশিক্ষিকা ধর্ষণের শিকার হয়েছেন। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাত আটটার দিকে উপজেলার আলুটিলা পর্যটনকেন্দ্রের তারেং এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে লিটন ত্রিপুরা (২৪) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তিনি খাগড়াছড়ি সদর উপজেলার মহালছড়া গোলাবাড়ী এলাকার বাচ্চুরাম ত্রিপুরার ছেলে।

পুলিশ ও ভুক্তভোগীর বর্ণনা অনুযায়ী, চাকমা সম্প্রদায়ের ওই শিক্ষিকা খাগড়াছড়ি সদরে বান্ধবীর গায়েহলুদ অনুষ্ঠানে যোগ দিতে আসেন। অনুষ্ঠান শেষে তিনি স্কুলজীবনের বন্ধু আরিফুল ইসলামের মোটরসাইকেলে করে ঘুরতে বের হন। রাত সাড়ে আটটার দিকে তারা মাটিরাঙ্গা সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডের তারেং এলাকায় পৌঁছালে লিটন ত্রিপুরা মোটরসাইকেল নিয়ে তাদের গতিরোধ করে।

অভিযোগ অনুযায়ী, তিনি প্রথমে আরিফুল ইসলামের মোটরসাইকেলের চাবি কেড়ে নেন এবং পরে অস্ত্রের মুখে শিক্ষিকাকে পাশের জঙ্গলে নিয়ে ধর্ষণ করেন। ঘটনার পর তিনি ভুক্তভোগীর কাছে ১০ হাজার টাকা চাঁদা দাবি করেন।

শিক্ষিকা বিষয়টি তাঁর বন্ধু আরিফুল ইসলামকে জানালে তিনি কৌশলে ঘটনাস্থল থেকে সরে গিয়ে সেনাবাহিনীকে খবর দেন। পরে সেনাসদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লিটন ত্রিপুরাকে আটক করে মাটিরাঙ্গা থানায় হস্তান্তর করেন।

মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌফিকুল ইসলাম তৌফিক বলেন, “ধর্ষণের শিকার শিক্ষিকা নিজেই বাদী হয়ে মামলা করেছেন। গ্রেফতার লিটন ত্রিপুরাকে আদালতে পাঠানো হয়েছে, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

এর মাত্র দুই দিন আগে, ২০ অক্টোবর, একই উপজেলার অযোধ্যা এলাকায় শ্যামাপূজা দেখতে গিয়ে ত্রিপুরা সম্প্রদায়ের এক কিশোরী নিজ সম্প্রদায়ের চার যুবকের হাতে গণধর্ষণের শিকার হন। সেই ঘটনায়ও তিনজনকে গ্রেফতার করেছে মাটিরাঙ্গা থানা পুলিশ।

দুই দিনের ব্যবধানে দুটি ধর্ষণের ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাদের অভিযোগ, মাটিরাঙ্গার মতো শান্ত এলাকায় সাম্প্রতিক সময়ে অপরাধপ্রবণতা আশঙ্কাজনকভাবে বেড়ে যাচ্ছে। তারা দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।