tanaka
প্রচ্ছদআন্তর্জাতিকপাকিস্তানের রাতের ঘুম হারাম করে দিয়েছিল ‘আইএনএস বিক্রান্ত’: মোদি

পাকিস্তানের রাতের ঘুম হারাম করে দিয়েছিল ‘আইএনএস বিক্রান্ত’: মোদি

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ বছরও দীপাবলি উদযাপন করলেন দেশের সশস্ত্র বাহিনীর সদস্যদের সঙ্গে। সোমবার (২১ অক্টোবর) তিনি কর্নাটক ও গোয়ার উপকূলে অবস্থিত ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ আইএনএস বিক্রান্ত-এ নৌসেনাদের সঙ্গে আলোর উৎসবে অংশ নেন।

আলোর ঝলকানি, আরব সাগরের ঢেউ ও বিক্রান্তের বিশাল লৌহময় কাঠামোর মাঝে দাঁড়িয়ে মোদি এই উৎসবকে পরিণত করেন এক প্রতীকী দৃশ্যে—যেখানে দেশপ্রেম, সামরিক শক্তি ও আত্মনির্ভরতার বার্তা স্পষ্টভাবে প্রতিফলিত হয়।

নৌসেনাদের উদ্দেশে ভাষণে প্রধানমন্ত্রী বলেন, “আইএনএস বিক্রান্ত পাকিস্তানের রাতের ঘুম হারাম করে দিয়েছে। এর নামই শত্রুদের মনে ভয় সৃষ্টি করে। শুধু নামেই যদি এত প্রভাব হয়, তাহলে এর আসল শক্তি কতটা—তা সহজেই অনুমেয়।”

তিনি আরও বলেন, “এই যুদ্ধজাহাজ শুধু একটি সামরিক শক্তির বাহক নয়, এটি আধুনিক ভারতের উদ্ভাবন, প্রযুক্তি এবং পরিশ্রমের প্রতীক। পাশাপাশি, এটি আমাদের আত্মনির্ভরতার স্পষ্ট প্রমাণ।”

প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে সাম্প্রতিক ‘অপারেশন সিঁদুর’-এর কথাও স্মরণ করিয়ে দেন, যা শুরু হয়েছিল ৭ মে, কাশ্মীরের পাহেলগামে সন্ত্রাসী হামলার প্রতিক্রিয়ায়। মোদি বলেন, “নৌবাহিনীর দুর্দান্ত শক্তি, বিমানবাহিনীর নিখুঁত পরিকল্পনা এবং স্থলবাহিনীর সাহসিকতা—এই তিন বাহিনীর সমন্বিত অভিযানে পাকিস্তানকে কয়েক দিনের মধ্যেই চাপে ফেলতে সক্ষম হয় ভারত।” (সূত্র: NDTV)