সাম্প্রতিক সংঘাত থামিয়ে যুদ্ধবিরতিতে পৌঁছানোর অল্প সময় পরই আফগানিস্তানে আবারও বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। শুক্রবার (১৭ অক্টোবর) রাতে পাকতিকা প্রদেশের বিভিন্ন স্থানে চালানো এ হামলায় তিন আফগান ক্রিকেটারসহ অন্তত ছয়জন নিহত হয়েছেন।
এ ঘটনায় আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) আসন্ন ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ থেকে নিজেদের নাম প্রত্যাহারের ঘোষণা দিয়েছে।
আগামী নভেম্বর মাসে পাকিস্তান, আফগানিস্তান ও শ্রীলঙ্কার মধ্যে এ সিরিজটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ১৭ থেকে ২৯ নভেম্বর পর্যন্ত রাওয়ালপিন্ডি ও লাহোরে ম্যাচগুলো অনুষ্ঠিত হওয়ার পরিকল্পনা ছিল।
সামাজিকমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে এসিবি জানায়, পাকতিকা প্রদেশে পাকিস্তানের বিমান হামলায় তিন স্থানীয় ক্রিকেটার নিহত হয়েছেন। তারা প্রাদেশিক রাজধানী শারানায় একটি বন্ধুত্বপূর্ণ ম্যাচ খেলে বাড়ি ফেরার পথে প্রাণ হারান।
বিবৃতিতে আরও বলা হয়, “তাদের মৃত্যু আমাদের ক্রীড়া সম্প্রদায়ের জন্য এক অপূরণীয় ক্ষতি। নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা আসন্ন ত্রিদেশীয় সিরিজ থেকে নিজেদের প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছি।”
উল্লেখ্য, পাকিস্তানের মাটিতে এবারই প্রথমবারের মতো খেলতে নামতে যাচ্ছিল আফগানিস্তান দল। কিন্তু সাম্প্রতিক সীমান্ত সংঘর্ষ ও বিমান হামলার কারণে সিরিজটি বাতিলের মুখে পড়েছে।
গত কয়েক সপ্তাহ ধরে দুই দেশের মধ্যে উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে। সীমান্তে সংঘর্ষ ও আফগানিস্তানের অভ্যন্তরে পাকিস্তানের বিমান হামলায় ইতিমধ্যে শতাধিক মানুষ নিহত হয়েছেন বলে স্থানীয় সূত্র জানিয়েছে।
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এখনো এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি।
সূত্র: ইএসপিএন



