যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যে একটি বিস্ফোরক তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১৮ জন নিখোঁজ রয়েছেন। আশঙ্কা করা হচ্ছে, তারা সবাই প্রাণ হারিয়েছেন। এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
শুক্রবার ন্যাশভিল শহর থেকে প্রায় ১০০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত অ্যাকুরেট এনার্জেটিক সিস্টেম নামক প্রতিষ্ঠানে এ দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণে একাধিক প্রাণহানির ঘটনা ঘটেছে বলে জানা গেলেও, এখনো পর্যন্ত নিশ্চিতভাবে মৃতের সংখ্যা জানা যায়নি।
হামফ্রেস কাউন্টির শেরিফ ক্রিস ডেভিস এটিকে তার ক্যারিয়ারের অন্যতম ভয়াবহ ঘটনা হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, “ঘটনার কারণ উদঘাটনে সময় লাগবে। এর কোনো সহজ ব্যাখ্যা নেই।”
এফবিআই ইতোমধ্যে ঘটনাস্থলে উপস্থিত রয়েছে এবং তদন্ত শুরু করেছে। বিস্ফোরণের কারণ সম্পর্কে প্রশ্ন করা হলে ডেভিস বলেন, “যা হওয়ার ছিল, তা হয়েই গেছে।”
টেলিভিশনে প্রচারিত ভিডিও ফুটেজে দেখা গেছে, বিস্ফোরণে বিধ্বস্ত ভবনের ধ্বংসস্তূপ থেকে ধোঁয়া বের হচ্ছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিস্ফোরণের শব্দ কয়েক মাইল দূর থেকেও শোনা গেছে।
প্রাথমিকভাবে ১৯ জন নিখোঁজ বলে ধারণা করা হলেও পরে জানা যায়, তাদের একজন নিরাপদে রয়েছেন। কোম্পানির পক্ষ থেকে এক বিবৃতিতে নিহত ও নিখোঁজদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।



