tanaka
প্রচ্ছদসারাদেশকুয়াকাটায় যাওয়ার পথে বাস-র‍্যাব কোস্টারের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ৩০

কুয়াকাটায় যাওয়ার পথে বাস-র‍্যাব কোস্টারের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ৩০

পটুয়াখালীর ফতুল্লা বাজার এলাকায় ঢাকা-কুয়াকাটা মহাসড়কে যাত্রীবাহী একটি বাস ও র‍্যাবের একটি কোস্টার গাড়ির মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ৩০ জন।

নিহতদের মধ্যে রয়েছেন র‍্যাব সদস্য এএসআই আব্দুল আলীম (৩৪), এক নারী যাত্রী আফরোজা (২৮) এবং পিয়াস নামের এক শিশু।

শনিবার (১১ অক্টোবর) সকাল ৯টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

র‍্যাব-৮ সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৮টার দিকে র‍্যাব সদস্যরা স্বজনদের নিয়ে কুয়াকাটায় ভ্রমণের উদ্দেশ্যে একটি কোস্টার (বরিশাল মেট্রো-ঝ ১১-০০০৬) নিয়ে রওনা দেন। ফতুল্লা বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা কুয়াকাটা-ঢাকাগামী ধানসিঁড়ি পরিবহণের একটি বাস (বরিশাল মেট্রো ব-১১০২০৬) কোস্টারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের মধ্যে ১৭ জনকে ভর্তি করা হয়েছে পটুয়াখালী সিএমএইচে, যেখানে র‍্যাব সদস্য ডিএডি ওমর আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।

বাকি আহতদের পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল ও নিকটবর্তী বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

দুর্ঘটনার কারণে কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল বন্ধ থাকলেও, উদ্ধার কার্যক্রম শেষ হওয়ার পর তা স্বাভাবিক হয়।