বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, তথাকথিত ‘সেফ এক্সিট’ নিয়ে বিএনপির সঙ্গে কোনো পক্ষেরই কোনো ধরনের আলোচনা হয়নি। শনিবার (১১ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে ময়মনসিংহ জেলা তাঁতী দলের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত ও দোয়া মাহফিলে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, “গণঅভ্যুত্থানের মাধ্যমে বর্তমান সরকার বিদায় নেবে—এটাই আমাদের প্রত্যাশা। আমরা বিশ্বাস করি, পরবর্তী সরকারই সংসদের মাধ্যমে এ সরকারের বিষয়ে প্রয়োজনে আইনগত বৈধতা বিবেচনা করবে।”
এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, “সেফ এক্সিট নিয়ে বিএনপির সঙ্গে কেউ কোনো আলোচনা করেনি। বর্তমান সরকারের নেতাদের বিষয়ে ভবিষ্যতের সরকারই সিদ্ধান্ত নেবে। যদি আইনগত বৈধতা দিতে হয়, সেটা পার্লামেন্টের মাধ্যমেই হতে হবে।”
তিনি জানান, “ঐকমত্য কমিশনে ইতোমধ্যে আলোচনা হয়েছে, আগামী ১৫ অক্টোবর ‘জুলাই সনদ’-এ স্বাক্ষর হবে। এর মধ্য দিয়ে রাজনৈতিক দলগুলো একটি ঐক্যবদ্ধ অবস্থানে পৌঁছাবে।”
গণতান্ত্রিক আন্দোলন প্রসঙ্গে শামসুজ্জামান দুদু বলেন, “তারেক রহমান গত ১৬-১৭ বছর ধরে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও শেখ হাসিনার সরকারের পতনের লক্ষ্যে জাতিকে ঐক্যবদ্ধ করার কাজ করে যাচ্ছেন। আমরা তাঁকে শ্রদ্ধা জানাই এবং এই আন্দোলনে যারা শহীদ হয়েছেন ও আহত হয়েছেন, তাদের প্রতিও গভীর শ্রদ্ধা জানাই।”
তিনি আরও বলেন, “গণতান্ত্রিক আন্দোলন এখনো শেষ হয়নি। একটি নিরপেক্ষ সাধারণ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। ষড়যন্ত্রকারী চক্র এখনও দেশে-বিদেশে সক্রিয়, তাই আজ জনগণের ঐক্যই সবচেয়ে বড় শক্তি।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা তাঁতী দলের আহ্বায়ক আবুল কালাম, ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও’ আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপনসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।



