ইসরায়েলের সঙ্গে সম্পৃক্ততা ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে ছয়জনকে মৃত্যুদণ্ড দিয়েছে এবং তা কার্যকর করেছে ইরান। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ (IRNA) জানায়, শনিবার (৪ সেপ্টেম্বর) সকালে এ শাস্তি কার্যকর করা হয়।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, দণ্ডপ্রাপ্তরা একটি বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী গোষ্ঠীর সদস্য ছিলেন। তারা ইরানের খুজেস্তান প্রদেশে একাধিক সশস্ত্র হামলা ও বোমা বিস্ফোরণের সঙ্গে জড়িত ছিলেন। অভিযুক্তরা স্বীকার করেছেন যে তারা বোমা তৈরির পাশাপাশি তা স্থাপন ও বিস্ফোরণে জড়িত ছিলেন। এছাড়া খোররামশাহরে একটি গ্যাস স্টেশনে বিস্ফোরণ, একটি ব্যাংকে সশস্ত্র হামলা, সামরিক ঘাঁটিতে গ্রেনেড নিক্ষেপ এবং একটি মসজিদে গুলি চালানোর মতো নাশকতামূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করেছেন।
অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি পরিকল্পনা ঘোষণার পর ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠন হামাস তাদের প্রতিক্রিয়া জানিয়েছে। হামাস জানিয়েছে, তারা গাজা উপত্যকার প্রশাসনিক দায়িত্ব ফিলিস্তিনি টেকনোক্র্যাটদের কাছে হস্তান্তর করতে এবং সব ইসরায়েলি বন্দিকে মুক্তি দিতে প্রস্তুত। তবে তারা নিরস্ত্রীকরণ বিষয়ে কোনো বক্তব্য দেয়নি। হামাস জানিয়েছে, তারা মধ্যস্থতাকারীদের মাধ্যমে ‘অবিলম্বে শান্তি আলোচনায়’ যেতে চায়।
এই প্রেক্ষাপটে ট্রাম্প এক ভিডিও বার্তায় একে “অভূতপূর্ব অগ্রগতি” হিসেবে আখ্যা দেন এবং সতর্ক করে বলেন, চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে স্বচ্ছতা ও সুনির্দিষ্টতা প্রয়োজন। তিনি আরও বলেন, তার বিশ্বাস, হামাস এখন ‘স্থায়ী শান্তি’র জন্য প্রস্তুত। ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে এক পোস্টে তিনি ইসরায়েলকে অবিলম্বে গাজায় বোমা হামলা বন্ধের আহ্বান জানান।



