দক্ষিণ ভারতীয় তারকা বিজয় দেবারাকোন্ডা ও অভিনেত্রী রাশমিকা মন্দানা সম্প্রতি বাগদান সম্পন্ন করেছেন। দীর্ঘদিন ধরেই চলা তাদের সম্পর্কের গুঞ্জন এবার সত্যি বলে প্রতিষ্ঠিত হলো। টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদন অনুযায়ী, ঘরোয়া আয়োজনে দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে এই আংটিবদল অনুষ্ঠান সম্পন্ন হয়।
জানা গেছে, আগামী বছরের ফেব্রুয়ারিতে এই তারকা জুটির বিয়ের সম্ভাবনা রয়েছে। যদিও এখনো পর্যন্ত রাশমিকা বা বিজয়ের পক্ষ থেকে বাগদান কিংবা বিয়ের নির্দিষ্ট দিনক্ষণ সম্পর্কে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। তবে তাদের ঘনিষ্ঠ সূত্র বাগদানের বিষয়টি নিশ্চিত করেছে।
প্রেমের সম্পর্ক নিয়ে বরাবরই মুখে কুলুপ এঁটেছেন বিজয়-রাশমিকা। তবে সম্প্রতি বিজয়ের শেরওয়ানি পরা একটি ছবি এবং রাশমিকার শাড়ি পরিহিত ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। এরপর থেকেই তাদের বাগদান নিয়ে অনুরাগীদের মধ্যে আলোচনা তুঙ্গে ওঠে।
এ ছাড়া, বিজয়া দশমীর দিন রাশমিকা তার ভক্তদের শুভেচ্ছা জানিয়ে একটি ছবি পোস্ট করেন, যেখানে তাকে ভারতীয় ঐতিহ্যবাহী পোশাকে দেখা যায়। কপালে ছিল তিলকও।
এদিকে, রাশমিকার পরবর্তী ছবি ‘থামা’ নিয়ে ইতোমধ্যেই দর্শকের আগ্রহ তৈরি হয়েছে। ছবির ট্রেলার ও গান প্রকাশিত হয়েছে এবং সেগুলোর ইতিবাচক সাড়া পেয়ে রাশমিকা ভক্তদের ধন্যবাদ জানিয়েছেন। জানিয়েছেন, খুব শিগগিরই ছবির প্রচারে নেমে পড়বেন তিনি।
দক্ষিণ ভারত থেকে বলিউড পর্যন্ত বিস্তৃত রাশমিকার ক্যারিয়ার। ‘ন্যাশনাল ক্র্যাশ’ খেতাব পাওয়া এ অভিনেত্রী ‘এক্সপ্রেশন ক্যুইন’ হিসেবেও পরিচিত। ‘ডিয়ার কমরেড’, ‘পুষ্পা’, ‘পুষ্পা টু’-এর মতো দক্ষিণী হিট ছবির পাশাপাশি বলিউডের ‘অ্যানিম্যাল’-এ তার অভিনয় নজর কাড়ে। ‘ডিয়ার কমরেড’-এ বিজয়ের সঙ্গে অভিনয়ের সময় থেকেই তাদের সম্পর্কের শুরু বলে মনে করেন অনেকেই।



