tanaka
প্রচ্ছদপরবাসজনদুর্ভোগের জন্য এমএ মালিককে সতর্ক করল বিএনপি

জনদুর্ভোগের জন্য এমএ মালিককে সতর্ক করল বিএনপি

বিমানবন্দরে জনদুর্ভোগ ও বিরক্তিকর পরিস্থিতি সৃষ্টির ঘটনায় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও যুক্তরাজ্য শাখার সভাপতি এমএ মালিককে সতর্ক করেছে দলটি। বুধবার বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে তাকে চিঠি দিয়ে এ সতর্কতা জানানো হয়। দলীয় একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

চিঠিতে উল্লেখ করা হয়, এমএ মালিক দেশে আগমন ও বিদেশ গমনের সময় ঢাকা ও সিলেট বিমানবন্দরে নেতাকর্মীদের নিয়ে বড় ধরনের জনসমাগম ঘটান, যা জনদুর্ভোগ সৃষ্টি করে এবং সাধারণ যাত্রীরা অসুবিধায় পড়েন। এ ধরনের কর্মকাণ্ড দায়িত্বশীল নেতার আচরণের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ এবং তা সাংগঠনিক নীতিমালার পরিপন্থি বলে চিঠিতে উল্লেখ করা হয়।

বিএনপি আরও সতর্ক করে জানায়, ভবিষ্যতে এমন পরিস্থিতি সৃষ্টি হলে দল সাংগঠনিক ব্যবস্থা নিতে বাধ্য হবে।

উল্লেখ্য, গত সোমবার এমএ মালিক যুক্তরাজ্য থেকে দেশে ফেরেন। এ সময় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবং পরে সিলেট ওসমানী বিমানবন্দরে তাকে স্বাগত জানাতে হাজারো নেতাকর্মীর সমাগম ঘটে, যার ফলে জনসাধারণের চলাচলে ভোগান্তি দেখা দেয়।