বলিউডের বর্ষীয়ান অভিনেতা অনুপম খের ও অভিনেত্রী-রাজনীতিক কিরণ খের দাম্পত্য জীবনের ৪০ বছর পার করেছেন। এই দীর্ঘ পথচলায় কখনো কখনো দূরত্ব থাকলেও একে অপরের প্রতি দায়িত্ববোধ ও ভালোবাসা ছিল অটুট। সম্প্রতি এক সাক্ষাৎকারে অনুপম খের জানিয়েছেন, কীভাবে স্ত্রীর অসুস্থতার খবরে তিনি একটি সফল আন্তর্জাতিক শো ছেড়ে দেশে ফিরে এসেছিলেন।
অনুপম বলেন, “কিরণ আর আমি একসঙ্গে ৪০ বছর পার করেছি। আমরা সবসময় একসাথে ছিলাম না। কিরণ তখন ১০ বছর সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিল, আর আমি আমেরিকায় নিউ অ্যামস্টারডম নামের একটি সফল শো-তে কাজ করছিলাম, যেটি তিন সিজন এক্সটেনশন পেয়েছিল।”
তিনি আরও জানান, সেই সময়েই তিনি জানতে পারেন কিরণ খের মাল্টিপল মায়েলোমা নামক জটিল রোগে আক্রান্ত। সেই খবর পাওয়ার পরই নিজের কাজ থামিয়ে সিদ্ধান্ত নেন দেশে ফিরে স্ত্রীর পাশে থাকার। অনুপম বলেন, “আমি ডাক্তার নই, কিন্তু জানতাম— আমার ওর পাশে থাকা উচিত। তাই আমি শো ছেড়ে ভারতে ফিরে আসি।”
সম্পর্কে দায়িত্ব ও সাহসের গুরুত্ব নিয়েও খোলামেলা বলেন তিনি। “সম্পর্কে সাহস খুব দরকার। কঠিন সময়েই মানুষের আসল চরিত্র বেরিয়ে আসে। ভালো সময়ে নয়, বরং সংকটের সময়ে নেওয়া সিদ্ধান্তই মানুষকে চিনিয়ে দেয়,” বলেন খের।
বলিউডের প্রায় সব কিংবদন্তির সঙ্গে কাজ করার সুযোগ পেলেও, নিজের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ‘রোল’ হিসেবে অনুপম খের মনে করেন— জীবনসঙ্গী কিরণ খেরের পাশে নিঃশর্তভাবে দাঁড়িয়ে থাকা।



