দেশের সব বিভাগে আগামী ২৪ ঘণ্টায় কমবেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, এমন আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তাদের পূর্বাভাস অনুযায়ী, কোথাও কোথাও ভারি বর্ষণও হতে পারে।
সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়েছে, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের বেশ কিছু এলাকায়, আর রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কয়েকটি স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারি বর্ষণের সম্ভাবনাও রয়েছে।
দেশের দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে বলে জানানো হয়েছে।
আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, মৌসুমি বায়ুর অক্ষ উত্তর প্রদেশ, ছত্তিশগড়, উড়িষ্যা, উত্তর বঙ্গোপসাগর এবং বাংলাদেশের দক্ষিণাঞ্চল দিয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বর্তমানে বাংলাদেশের উপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।



