বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপে রূপ নিয়েছে এবং এটি আরও ঘনীভূত হতে পারে। এ কারণে দেশের চারটি সমুদ্রবন্দর — চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রাকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে আবহাওয়া অধিদপ্তরের এক সতর্কবার্তায় জানানো হয়, উড়িষ্যা-অন্ধ্র উপকূলের অদূরে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি সকাল ৬টায় সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এটি বর্তমানে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে।
এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্রবন্দরগুলোতে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে উপকূলের কাছাকাছি থেকে সতর্কতার সঙ্গে চলাচল করতে বলা হয়েছে, এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সাগরে যাওয়া থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়েছে।



