সদ্যই প্রথমবারের মতো মা হওয়ার খবর প্রকাশ্যে এনেছেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। যদিও বি-টাউনে এই নিয়ে গুঞ্জন চলছিল বেশ কিছুদিন। অবশেষে গত মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করেন তিনি। ৪২ বছর বয়সে মা হতে যাচ্ছেন ক্যাটরিনা, যদিও বিয়ে করেছেন প্রায় চার বছর আগে। চিকিৎসকদের মতে, বেশি বয়সে সন্তান ধারণ করলে জটিলতার ঝুঁকি কিছুটা বেড়ে যায়। তাই তাকে বাড়তি সতর্ক থাকতে হচ্ছে। সম্প্রতি মুম্বাইয়ের আলিবাগে স্বামী ভিকি কৌশলের সঙ্গে হাঁটার সময়ও দেখা গেছে তাকে, যেখানে ভিকি সতর্কভাবে পাশে ছিলেন।
তবে ক্যাটরিনা একা নন। বলিউডে আরও কয়েকজন অভিনেত্রী ৪০ বছর বয়সের পর মাতৃত্বের স্বাদ পেয়েছেন। তাদের মধ্যে অন্যতম বিপাশা বসু, যিনি করণ সিং গ্রোভারের সঙ্গে বিয়ের পর ৪৩ বছর বয়সে প্রথম সন্তানের জন্ম দেন।
অভিনেত্রী শিল্পা শেঠিও ৪৫ বছর বয়সে দ্বিতীয়বার মা হন। সারোগেসির মাধ্যমে কন্যাসন্তান সামিশাকে তিনি পৃথিবীতে স্বাগত জানান। এর আগে, ৩৭ বছর বয়সে জন্ম দেন ছেলে ভিয়ানকে। একইভাবে বিখ্যাত পরিচালক ও কোরিওগ্রাফার ফারাহ খানও আইভিএফ প্রক্রিয়ার মাধ্যমে ৪৩ বছর বয়সে একসঙ্গে তিন সন্তানের মা হন।



