বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার ওপর সাইবার হামলার ঘটনা ঘটেছে। এ হামলায় সংস্থাটির ব্যক্তিগত ও ব্যবসায়িক বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য চুরি করেছে হ্যাকাররা। বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছে ফিফা। তবে আলোচনায় থাকা ‘ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ’ প্রস্তাবসংক্রান্ত কোনো নথি এই হামলায় ফাঁস হয়নি বলে জানিয়েছে সংস্থাটি।
বিবিসি স্পোর্টের প্রতিবেদনে বলা হয়েছে, ফিফার কর্মীদের পরিচয় ব্যবহার করে প্রতারণার মাধ্যমে সংস্থাটির বিভিন্ন নথিতে প্রবেশ করে হ্যাকাররা। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, ফিফার নিজস্ব প্রযুক্তি বা সিস্টেমের কোনো ত্রুটির কারণে এ ঘটনা ঘটেনি।
এক বিবৃতিতে ফিফা জানায়, সংস্থাটির সীমিতসংখ্যক ব্যক্তিগত ও ব্যবসায়িক তথ্যে অননুমোদিত প্রবেশের ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কাজ করছে তারা। একই সঙ্গে ব্যক্তিগত তথ্য চুরি ও সেগুলো প্রকাশের ঘটনায় নিন্দা জানিয়েছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি।
এদিকে ‘হ্যান্ডসাম বয় হ্যাকিং ক্লাব’ নামের একটি হ্যাকার গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেছে। গোষ্ঠীটির দাবি, ফিফার কাছ থেকে প্রায় ১২ গিগাবাইট তথ্য চুরি করেছে তারা। তবে বিভিন্ন বিশ্লেষণে দেখা গেছে, চুরি হওয়া তথ্যের পরিমাণ ফিফার কাছে সংরক্ষিত মোট তথ্যের ০.১ শতাংশেরও কম।
এ ঘটনায় ফিফার তথ্যনিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। তবে সংস্থাটির দাবি, তাদের প্রযুক্তিগত অবকাঠামোর দুর্বলতার কারণে এ হামলা ঘটেনি। বর্তমানে চুরি হওয়া তথ্যের ধরন ও ঘটনার বিস্তারিত জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে তদন্ত চালিয়ে যাচ্ছে ফিফা।



