জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সির সংসারজীবন নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। স্বামী গীতিকার মহসিন মেহেদীর সঙ্গে আলাদা থাকার সিদ্ধান্তের কথা সামাজিক যোগাযোগমাধ্যমে জানানোর পর তাদের বিচ্ছেদ নিয়ে শোবিজ অঙ্গনে নানা গুঞ্জন ছড়িয়ে পড়ে। তবে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় বিষয়টি পরিষ্কার করে ন্যান্সি জানিয়েছেন, তাদের মধ্যে এখনো ডিভোর্স হয়নি।
এর আগে বুধবার (২৫ নভেম্বর) দুপুরে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক আবেগঘন পোস্টে মহসিন মেহেদীর সঙ্গে আলাদা থাকার সিদ্ধান্তের কথা জানান এই সংগীতশিল্পী। পোস্টে তিনি লেখেন, ‘মেহেদী এবং আমি আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। যে পথচলা একসময় আমাদের কাছে সবকিছু ছিল, তা আজ শেষ হলো।’
ন্যান্সির ওই পোস্ট প্রকাশ্যে আসার পরই তাদের দাম্পত্য সম্পর্কের ইতি ঘটেছে বলে আলোচনা শুরু হয়। এর কিছু সময় পর পোস্টটি ফেসবুক থেকে সরিয়ে নেওয়া হয়। পরবর্তী সময়ে নিজের ব্যক্তিগত অ্যাকাউন্টও ডিঅ্যাক্টিভেট করেন তিনি। এতে বিষয়টি নিয়ে আরও বিভ্রান্তি তৈরি হয়।
বৃহস্পতিবার সন্ধ্যায় একটি বেসরকারি গণমাধ্যমের সঙ্গে কথা বলে এ বিষয়ে নিজের অবস্থান তুলে ধরেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এ শিল্পী। ফেসবুক পোস্ট মুছে ফেলা ও অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করার বিষয়টি স্বীকার করে তিনি বলেন, এর পেছনে নির্দিষ্ট কারণ রয়েছে।
ন্যান্সির ভাষ্য, ফেসবুক পোস্টে স্বামীর সঙ্গে আলাদা থাকার কথা উল্লেখ করলেও সেটিকে ভিন্ন অর্থে উপস্থাপন করা হবে, তা তিনি বুঝতে পারেননি। নিজের বক্তব্য যথাযথভাবে প্রকাশ করতে না পারার বিষয়টিও স্বীকার করেছেন তিনি। ভুল বোঝাবুঝি ও বিভ্রান্তি এড়াতেই পোস্টটি সরিয়ে নিয়েছেন বলে জানান এ গায়িকা।
অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করার কারণ ব্যাখ্যা করে ন্যান্সি বলেন, পোস্ট মুছে ফেলার পরও বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে নেতিবাচক মন্তব্য করছিলেন। পরিস্থিতি এড়াতেই শেষ পর্যন্ত নিজের অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করার সিদ্ধান্ত নেন তিনি।
বিচ্ছেদের খবরের বিষয়ে স্পষ্ট অবস্থান জানিয়ে ন্যান্সি বলেন, আলাদা থাকা আর ডিভোর্স হওয়া এক বিষয় নয়। কিছু সংবাদমাধ্যম এমনভাবে খবর প্রকাশ করেছে, যেন অনেক আগেই তাদের বিবাহবিচ্ছেদ সম্পন্ন হয়েছে। বাস্তবে আপাতত তিনি মহসিন মেহেদীর কাছ থেকে আলাদা থাকছেন। তাদের মধ্যকার বিষয়টি মান-অভিমানজনিত আলাদা থাকার মধ্যেই সীমাবদ্ধ বলে জানান এই শিল্পী।
উল্লেখ্য, ২০২১ সালের আগস্টের শেষ দিকে দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে পারিবারিক আয়োজনে গীতিকার মহসিন মেহেদীকে বিয়ে করেন ন্যান্সি।



