tanaka
প্রচ্ছদআন্তর্জাতিকতামিলনাড়ুতে সরকারি পুরুষ কর্মীদের জন্য ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি ঘোষণা

তামিলনাড়ুতে সরকারি পুরুষ কর্মীদের জন্য ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি ঘোষণা

ভারতের তামিলনাড়ুতে সরকারি চাকরিজীবী পুরুষদের জন্য প্রথমবারের মতো ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি চালু করেছে মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়ের নেতৃত্বাধীন সরকার। সন্তান জন্মের সম্ভাব্য তারিখের ১৫ দিন আগে থেকে অথবা জন্মের পরবর্তী ছয় মাসের মধ্যে এ ছুটি ভোগ করতে পারবেন বিবাহিত পুরুষ সরকারি কর্মীরা।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) প্রকাশিত এক সরকারি বিজ্ঞপ্তিতে নতুন এ সিদ্ধান্তের কথা জানানো হয়। সরকারি পুরুষ কর্মীদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে এ উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সন্তান জন্মের সময় মা ও শিশুর বিশেষ যত্ন প্রয়োজন। এ সময়ে স্ত্রীর পাশে থাকা এবং পারিবারিক দায়িত্ব পালনের সুযোগ করে দিতেই পুরুষ কর্মীদের জন্য ১৫ দিনের ছুটি অনুমোদন করা হয়েছে।

রাজ্য সরকারের মতে, নারী কর্মীদের জন্য ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটির পাশাপাশি পুরুষদের পিতৃত্বকালীন ছুটি চালু হলে পরিবারে দায়িত্ব ভাগাভাগি আরও সহজ হবে। একই সঙ্গে সন্তান লালন-পালনে বাবার সক্রিয় অংশগ্রহণও বাড়বে।

এর আগে গত আগস্টে তৃতীয় সন্তান জন্মের ক্ষেত্রে নারী সরকারি কর্মীদের মাতৃত্বকালীন ছুটির মেয়াদ ১২ সপ্তাহ থেকে বাড়িয়ে ৩৬৫ দিন করার ঘোষণা দিয়েছিল তামিলনাড়ু সরকার।

রাজ্যে মাতৃত্বকালীন ছুটির মেয়াদ বাড়ানোর ইতিহাসও বেশ দীর্ঘ। ২০১১ সালে প্রথমবার ৯০ দিনের ছুটি বাড়িয়ে ছয় মাস করা হয়। পরবর্তী সময়ে ২০১৬ সালে তা বাড়িয়ে নয় মাস এবং ২০২১ সালের জুলাইয়ে এক বছর বা ৩৬৫ দিন নির্ধারণ করা হয়। দ্রাবিড় মুন্নেত্রা কাজাগম (ডিএমকে) ও অল ইন্ডিয়া আন্না দ্রাবিড় মুন্নেত্রা কাজাগম (এআইএডিএমকে) নেতৃত্বাধীন সরকারগুলোর সময়ে এসব পরিবর্তন আনা হয়েছিল।

বার্তা সংস্থা পিটিআইয়ের বরাতে জানা গেছে, প্রচলিত নিয়ম অনুযায়ী, দুইয়ের কম জীবিত সন্তান রয়েছে এমন নিয়মিত নারী সরকারি কর্মীরা ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি পেয়ে থাকেন।

অন্যদিকে, সুপ্রিম কোর্টের নির্দেশনা এবং পরবর্তী সময়ে রাজ্য সরকারের সংশোধিত বিধান অনুসারে, দুই বা তার বেশি জীবিত সন্তান রয়েছে এমন নারী সরকারি কর্মীরাও পূর্ণ বেতনে ১২ সপ্তাহের মাতৃত্বকালীন ছুটি পাওয়ার অধিকারী।

সূত্র: হিন্দুস্তান টাইমস