শিশুদের বিরুদ্ধে অপরাধ প্রতিরোধ, নিখোঁজ শিশুদের উদ্ধার এবং তাদের নিরাপদ শৈশব নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সব পক্ষকে সমন্বিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আরও সক্রিয় ভূমিকা পালনের ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে বঙ্গভবনে জিরো মিসিং চিলড্রেন ফাউন্ডেশনের একটি প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎকালে রাষ্ট্রপতি এসব কথা বলেন।
ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি সাদাত রহমানের নেতৃত্বে প্রতিনিধিদলটি রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে। এতে সংগঠনের সদস্যদের পাশাপাশি বিভিন্ন সময়ে নিখোঁজ হওয়া শিশুদের পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন। সাক্ষাৎকালে তাঁরা শিশু অপহরণ ও নিখোঁজের ঘটনা, কন্যাশিশুদের সাইবার নিরাপত্তা এবং নিখোঁজ শিশুদের তদন্ত ও উদ্ধারের ক্ষেত্রে বিদ্যমান বিভিন্ন সমস্যা রাষ্ট্রপতির কাছে তুলে ধরেন।
এ সময় সাদাত রহমান নিখোঁজ শিশুদের সন্ধান ও উদ্ধারে ফাউন্ডেশনের উদ্যোগ ‘মুন অ্যালার্ট’, শিশুদের অনলাইন নিরাপত্তায় ‘সাইবার টিনস’ এবং হেল্পলাইন ১৩২১৯-এর কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।
মুন অ্যালার্ট কার্যক্রম দেশব্যাপী সম্প্রসারণ, দীর্ঘদিন ধরে নিখোঁজ শিশুদের উদ্ধারে বিশেষ জাতীয় অভিযান পরিচালনা এবং শিশুদের অনলাইন নিরাপত্তা ও সুরক্ষা কার্যক্রম জোরদারে রাষ্ট্রপতির সহযোগিতা কামনা করেন প্রতিনিধিদলের সদস্যরা।
নিখোঁজ শিশুদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সহানুভূতি প্রকাশ করেন রাষ্ট্রপতি। প্রতিনিধিদলের উত্থাপিত সমস্যাগুলো সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার আশ্বাসও দেন তিনি।
শিশুদের উদ্ধার ও নিরাপত্তা নিশ্চিত করতে জিরো মিসিং চিলড্রেন ফাউন্ডেশনের বিভিন্ন উদ্যোগের প্রশংসা করে রাষ্ট্রপতি বলেন, এসব কার্যক্রমে আরও বেশি মানুষকে সম্পৃক্ত করতে হবে এবং কাজের পরিধি বাড়াতে হবে। একই সঙ্গে এ ধরনের উদ্যোগকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার পাশাপাশি সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানকে যুক্ত করে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
রাষ্ট্রপতি বলেন, শিশুদের বিরুদ্ধে অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। এ জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় জোরদারের পাশাপাশি একটি বিশেষ সেল গঠনের প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন তিনি।
শিশুদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগের মাধ্যমে একটি নিরাপদ শৈশব গড়ে তোলার ওপর গুরুত্ব দেন রাষ্ট্রপতি।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট সচিবরা উপস্থিত ছিলেন।



