tanaka
প্রচ্ছদজাতীয়পোশাকশ্রমিকদের বেতন কোন গ্রেডে কত বাড়ল, জানালেন মাহদী আমিন

পোশাকশ্রমিকদের বেতন কোন গ্রেডে কত বাড়ল, জানালেন মাহদী আমিন

তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের নতুন মজুরিকাঠামোয় গ্রেডভেদে ৩৬ থেকে ৪৩ শতাংশ পর্যন্ত বেতন বেড়েছে। নতুন কাঠামো অনুযায়ী, সর্বনিম্ন গ্রেডের শ্রমিকদের মাসিক ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয়েছে ১৭ হাজার টাকা। আর সর্বোচ্চ গ্রেডের শ্রমিকদের মজুরি দাঁড়িয়েছে ২১ হাজার ৫০০ টাকা।

২০২৩ সালের সর্বশেষ মজুরি বৃদ্ধির মাত্র তিন বছরের মধ্যে এই বেতন বাড়ানো হয়েছে। এতে শ্রমিকদের আয়, জীবনমান ও আর্থসামাজিক নিরাপত্তার উন্নতি হবে বলে মনে করছেন প্রধানমন্ত্রীর শ্রম ও কর্মসংস্থানবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন। তিনি জানিয়েছেন, নতুন কাঠামোয় বর্ধিত মূল মজুরির পাশাপাশি শ্রমিকেরা প্রচলিত নিয়ম অনুযায়ী ওভারটাইম ও বোনাসও পাবেন।

বুধবার (২৫ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে নতুন মজুরিকাঠামোর বিস্তারিত তুলে ধরেন মাহদী আমিন। একই সঙ্গে শ্রমিকদের প্রাপ্তি, তৈরি পোশাকশিল্পের সক্ষমতা এবং শিল্পের ভবিষ্যৎ নিয়েও নিজের বক্তব্য তুলে ধরেন তিনি।

মাহদী আমিন বলেন, বাংলাদেশের তৈরি পোশাকশিল্পের বিশ্ববাজারে অবস্থান তৈরির পেছনে শ্রমিকদের নিরলস পরিশ্রম, দক্ষতা, ত্যাগ ও নিষ্ঠা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তাঁদের শ্রমে তৈরি ‘মেড ইন বাংলাদেশ’ আজ বিশ্ববাজারে দেশের সক্ষমতা ও সাফল্যের প্রতীক। তাই শ্রমিকদের ন্যায্য মজুরি, মর্যাদা, নিরাপত্তা ও উন্নত জীবনমান নিশ্চিত করা অর্থনৈতিক প্রয়োজনের পাশাপাশি নৈতিক দায়িত্ব।

তিনি জানান, শ্রমিকদের জীবনযাত্রার ব্যয়, প্রয়োজন ও প্রত্যাশা বিবেচনায় নিয়ে তৈরি পোশাকশিল্পের নিম্নতম মজুরি বোর্ডের সব পক্ষের ঐকমত্যের ভিত্তিতে নতুন মজুরিকাঠামো নির্ধারণ করা হয়েছে। এ ক্ষেত্রে মূল্যস্ফীতি, জীবনযাত্রার ব্যয়, শিল্পের আর্থিক সক্ষমতা এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগী দেশগুলোর মজুরিকাঠামোসহ সামগ্রিক অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় নেওয়া হয়েছে।

নতুন মজুরিকাঠামোয় কোন গ্রেডে কত বেতন

মাহদী আমিনের দেওয়া তথ্য অনুযায়ী, নতুন কাঠামোয় চারটি গ্রেডে শ্রমিকদের মাসিক ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয়েছে।

গ্রেড-১: সেলাই, কাটিং, আয়রনিং ও ফিনিশিংয়ের সিনিয়র অপারেটর, প্যাটার্ন মেকার, স্যাম্পল মেকার, স্ক্রিন প্রিন্টার এবং সিনিয়র ডাইং অপারেটরদের মাসিক ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয়েছে ২১ হাজার ৫০০ টাকা। আগে এ গ্রেডের মজুরি ছিল ১৫ হাজার ৩৫ টাকা। ফলে বেড়েছে ৪৩ শতাংশ।

গ্রেড-২: সেলাই, কাটিং, ফিনিশিং ও কোয়ালিটি কন্ট্রোল অপারেটর, সিনিয়র হেলপার, সিনিয়র কলার জয়েন্টার এবং সিনিয়র কাফ মেকারদের মাসিক ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয়েছে ২০ হাজার টাকা। আগে এ গ্রেডে মজুরি ছিল ১৪ হাজার ২৭৩ টাকা। নতুন কাঠামোয় বেড়েছে ৪০ দশমিক ১১ শতাংশ।

গ্রেড-৩: জুনিয়র অপারেটর, অভিজ্ঞ হেলপার, ফোল্ডার, প্যাকার, ট্যাগিংম্যান এবং সুইং সহকারীদের মাসিক ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয়েছে ১৯ হাজার ২০০ টাকা। আগে এ গ্রেডের মজুরি ছিল ১৩ হাজার ৫৫০ টাকা। ফলে বেড়েছে ৪১ দশমিক ৭০ শতাংশ।

গ্রেড-৪: হেলপার, থ্রেড কাটার ও লাইন অ্যাসিস্ট্যান্টদের মাসিক ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয়েছে ১৭ হাজার টাকা। আগে এ গ্রেডের মজুরি ছিল ১২ হাজার ৫০০ টাকা। অর্থাৎ বেড়েছে ৩৬ শতাংশ।

মাহদী আমিনের ভাষ্য, নতুন মজুরিকাঠামোর ফলে শ্রমিকদের মূল বেতনের পাশাপাশি ওভারটাইম ও বোনাস থেকে অতিরিক্ত আর্থিক সুবিধা পাওয়ার সুযোগ থাকবে। এতে মাস শেষে তাঁদের মোট আয় বাড়বে।

শ্রমিকের কল্যাণ ও শিল্পের সক্ষমতা—দুটিই গুরুত্বপূর্ণ

ফেসবুক পোস্টে মাহদী আমিন বলেন, শ্রমিকেরা দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি এবং রপ্তানি সাফল্যের অন্যতম ভিত্তি। তবে শ্রমিকদের কল্যাণ ও শিল্পের সমৃদ্ধিকে আলাদা করে দেখার সুযোগ নেই। তাঁর মতে, শিল্পের সক্ষমতা ও স্থিতিশীলতা বজায় থাকলে কর্মসংস্থান, বিনিয়োগ এবং রপ্তানি প্রবৃদ্ধিও সুরক্ষিত থাকবে।

তিনি বলেন, এমন একটি তৈরি পোশাকশিল্প গড়ে তোলার লক্ষ্য রয়েছে, যেখানে শ্রমিকেরা ন্যায্য অধিকার, প্রাপ্য মর্যাদা ও উন্নত জীবনমান পাবেন। একই সঙ্গে উদ্যোক্তারা বিনিয়োগ ও উৎপাদনে আস্থা পাবেন এবং নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। এর মধ্য দিয়ে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের অবস্থান আরও সুদৃঢ় হবে।

নতুন মজুরিকাঠামো নির্ধারণে শ্রমিকের ন্যায্য মজুরি, মালিকপক্ষের আর্থিক সক্ষমতা এবং দেশের সামগ্রিক অর্থনৈতিক স্বার্থের মধ্যে ভারসাম্য রাখার ওপর গুরুত্ব দেন প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা।

মজুরি বোর্ড, শ্রমিকপক্ষ ও মালিকপক্ষকে ধন্যবাদ জানিয়ে মাহদী আমিন শ্রমিক-মালিক উভয় পক্ষের প্রতি কর্মক্ষেত্রে পারস্পরিক শ্রদ্ধা, আস্থা, সহনশীলতা ও সহযোগিতা বজায় রাখার আহ্বান জানান। পাশাপাশি অপপ্রচার, উসকানি ও বিভ্রান্তিতে প্রভাবিত না হয়ে নিজ নিজ কর্মস্থলে উৎপাদনের স্বাভাবিক ধারা অব্যাহত রাখার অনুরোধ করেন তিনি।

মাহদী আমিনের মতে, শ্রমিক-মালিকের পারস্পরিক আস্থা ও সম্মিলিত প্রচেষ্টার মধ্য দিয়েই তৈরি পোশাকশিল্পের অগ্রগতি এবং দেশের অর্থনৈতিক সমৃদ্ধি নিশ্চিত করা সম্ভব।