যুক্তরাষ্ট্রের বাণিজ্যনীতিতে নতুন করে শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নতুন এ সিদ্ধান্তের ফলে বাংলাদেশসহ যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ ১৪টি বাণিজ্যিক অংশীদার দেশ ও অর্থনৈতিক অঞ্চল থেকে আমদানির ক্ষেত্রে বাড়তি কর কার্যকর হতে পারে। তালিকায় রয়েছে চীন, ইউরোপীয় ইউনিয়ন, ভারতসহ এশিয়ার একাধিক দেশ।
বুধবার (২৫ নভেম্বর) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ট্রাম্পের পূর্বঘোষিত ‘লিবারেশন ডে’ শুল্ককে অবৈধ ঘোষণা করে মার্কিন সুপ্রিম কোর্টের রায়ের পর নতুন এ উদ্যোগ নেওয়া হয়েছে। গত মার্চে বিভিন্ন দেশের বাণিজ্যনীতি নিয়ে হোয়াইট হাউসের তদন্তের ভিত্তিতে শুল্ক আরোপের প্রক্রিয়া শুরু হয়।
নতুন ঘোষণায় চীনের পণ্যের ওপর সর্বোচ্চ ৪০ শতাংশ পর্যন্ত শুল্ক নির্ধারণ করা হয়েছে। ভিয়েতনামের ক্ষেত্রে এ হার সর্বোচ্চ ৩৫ শতাংশ। অন্য দেশগুলোর পণ্যের ওপর ২০ থেকে ২৫ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের কথা বলা হয়েছে।
তবে ট্রাম্পের সঙ্গে বিভিন্ন দেশের আগে থেকে সম্মত হওয়া শুল্কের সর্বোচ্চ সীমা বিবেচনায় নিলে ঘোষিত হারের কয়েকটি কার্যকরভাবে কমে আসতে পারে।
মার্কিন বাণিজ্য আইনের তথাকথিত ‘ধারা ৩০১’-এর আওতায় তদন্তের তালিকায় রয়েছে চীন, ইউরোপীয় ইউনিয়ন, সিঙ্গাপুর, সুইজারল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, কম্বোডিয়া, থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া, ভিয়েতনাম, তাইওয়ান, বাংলাদেশ, জাপান ও ভারত।
ধারা ৩০১-এর অধীনে বিদেশি সরকারগুলোর বিভিন্ন নীতি ও কার্যক্রম পর্যালোচনা করে যুক্তরাষ্ট্র। এসব নীতি মার্কিন ব্যবসাপ্রতিষ্ঠান, শ্রমিক ও ভোক্তাদের স্বার্থের ওপর অন্যায্য প্রভাব ফেলছে কি না, তা খতিয়ে দেখাই এ তদন্তের মূল উদ্দেশ্য।
ট্রাম্প তাঁর দ্বিতীয় মেয়াদে একাধিকবার বিভিন্ন দেশের ওপর শুল্ক আরোপের হুমকি দিয়েছেন এবং বাস্তবেও তা কার্যকর করেছেন। তাঁর দাবি, আমদানি পণ্যের ওপর বাড়তি শুল্ক আরোপের মাধ্যমে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ উৎপাদন বাড়বে এবং দেশটিতে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।



