tanaka
প্রচ্ছদসারাদেশলামায় বেইলি সেতু ধসে খাদে ট্রাক ও এক্সকাভেটর, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়নের

লামায় বেইলি সেতু ধসে খাদে ট্রাক ও এক্সকাভেটর, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়নের

বান্দরবানের লামা উপজেলায় ভারী এক্সকাভেটর বহনকারী একটি ট্রাক পারাপারের সময় বেইলি সেতু ভেঙে খাদে পড়ে গেছে। এতে আজিজনগর ও গজালিয়া ইউনিয়নের অভ্যন্তরীণ সড়ক যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে। আকস্মিক এ ঘটনায় দুই ইউনিয়নের বাসিন্দাদের চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) দুপুরে উপজেলার গজালিয়া সড়কের ছয়মাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সড়ক বিভাগ ও স্থানীয় সূত্রে জানা যায়, একটি ট্রাকে করে ভারী এক্সকাভেটর নিয়ে যাওয়ার সময় ছয়মাইল এলাকার বেইলি সেতু দিয়ে পার হচ্ছিল ট্রাকটি। এ সময় অতিরিক্ত ভারের চাপে সেতুটি ভেঙে পড়ে। এতে ট্রাকসহ এক্সকাভেটরটি সেতুর নিচে থাকা খাদে পড়ে যায়। তবে দুর্ঘটনায় কেউ হতাহত হননি।

সেতুটি ভেঙে পড়ায় আজিজনগর ও গজালিয়া ইউনিয়নের সঙ্গে অভ্যন্তরীণ সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এতে স্থানীয় বাসিন্দাদের যাতায়াতসহ দৈনন্দিন কার্যক্রম ব্যাহত হচ্ছে।

লামা সড়ক ও জনপথ বিভাগের উপসহকারী প্রকৌশলী টোয়েন চাকমা দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ক্ষতিগ্রস্ত সেতুটি দ্রুত মেরামতের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে বিকল্প সড়ক নির্মাণের কাজ শুরু হয়েছে। আগামী দু-এক দিনের মধ্যে সড়কটি আবারও চালু করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।