tanaka
প্রচ্ছদসারাদেশবায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনে ঋণ দিচ্ছে সরকার: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনে ঋণ দিচ্ছে সরকার: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

পরিবেশবান্ধব জ্বালানির প্রসার এবং তরুণ উদ্যোক্তাদের স্বাবলম্বী করতে বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনে ঋণ সহায়তা দিচ্ছে সরকার। পাশাপাশি খামারিদের অর্থনৈতিক সক্ষমতা বাড়াতেও বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বেলা ১১টায় রাজশাহীর পবা উপজেলার বড়গাছী ইউনিয়নের বিরস্তইল এলাকায় ব্র্যাক প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনের মাধ্যমে খামারিরা একদিকে জ্বালানি খরচ কমাতে পারবেন, অন্যদিকে উৎপাদন করতে পারবেন জৈব সার। এতে কৃষি ও খামার ব্যবস্থাপনায় বাড়তি সুবিধা তৈরি হবে। একই সঙ্গে যুব ঋণের সঠিক ব্যবহার খামার সম্প্রসারণ ও স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, ঋণের অর্থ যথাযথভাবে কাজে লাগাতে পারলে তরুণ উদ্যোক্তারা নিজেদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে পারবেন। এ ক্ষেত্রে বায়োগ্যাস প্রযুক্তির ব্যবহার পরিবেশ সুরক্ষার পাশাপাশি গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে সহায়ক হবে।

যুব উন্নয়ন অধিদপ্তর, রাজশাহীর উদ্যোগে ‘দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে ব্যাপক প্রযুক্তিনির্ভর সমন্বিত সম্পদ ব্যবস্থাপনা (ইমপ্যাক্ট)’ প্রকল্পের আওতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী প্রকল্পের আওতায় নির্মিত বায়োগ্যাস প্ল্যান্টগুলো পরিদর্শন করেন। পরে পুঠিয়া, বাঘা ও বাগমারা উপজেলার ১০ জন উদ্যোক্তা ও খামারির মধ্যে মোট ১০ লাখ ২০ হাজার টাকার যুব ঋণের চেক বিতরণ করেন।

যুব উন্নয়ন অধিদপ্তর, রাজশাহীর উপপরিচালক শরীফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য শফিকুল হক মিলন এবং পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইবনুল আবেদীন।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এমএমএন জহুরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বায়োগ্যাস প্রকৌশলী মো. মাহাফুজুর ইসলাম। এ ছাড়া উপস্থিত ছিলেন পবা উপজেলা বিএনপির আহ্বায়ক আলী হোসেন, সদস্য সচিব অধ্যাপক আব্দুর রাজ্জাক, যুগ্ম আহ্বায়ক সুলতান আহমেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।