সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিত মুখ কিরণ মজুমদার। নেটপ্রভাবী হিসেবে ইতোমধ্যে বেশ জনপ্রিয়তা পেয়েছেন তিনি। এবার সেই পরিচিতির গণ্ডি পেরিয়ে বড়পর্দায় অভিষেক হতে যাচ্ছে তাঁর। ‘বাবা’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে যাত্রা শুরু করছেন কিরণ। আর প্রথম সিনেমাতেই অভিনয় করছেন মায়ের চরিত্রে।
অভিনয়জীবনের শুরুতেই এমন চরিত্রের প্রস্তাব পেয়ে কিছুটা দ্বিধায় পড়েছিলেন এই নেটপ্রভাবী। তবে গল্প ও চরিত্রের গভীরতা জানার পর শেষ পর্যন্ত অভিনয়ে সম্মতি দেন তিনি। প্রথম সিনেমার অভিজ্ঞতা, জীবনের কঠিন সময় এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সম্প্রতি একটি গণমাধ্যমের সাক্ষাৎকারে কথা বলেছেন কিরণ মজুমদার।
প্রথম সিনেমাতেই মায়ের চরিত্র
প্রথমবার বড়পর্দায় অভিনয়ের অভিজ্ঞতা নিয়ে কিরণ জানান, শুরুতে মায়ের চরিত্রে অভিনয়ের প্রস্তাব পেয়ে কিছুটা অস্বস্তি ও দ্বিধা তৈরি হয়েছিল। তবে পরে চরিত্রটি সম্পর্কে বিস্তারিত জানার পর তাঁর ধারণা বদলে যায়।
কিরণের ভাষায়, ‘প্রথমে শুনেছিলাম মায়ের চরিত্র, একটু দ্বিধা হয়েছিল। কিন্তু পরে চরিত্রটার ব্যাপারে আরও ভালো করে জানার পর দেখলাম—বিষয়টি খুব সুন্দর।’
গল্পের গুরুত্ব ও চরিত্রের গভীরতাই তাঁকে সিনেমাটিতে অভিনয়ে আগ্রহী করে তুলেছে বলে জানান তিনি।
আগামী ৪ ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা রয়েছে ‘বাবা’ সিনেমাটির। ইতোমধ্যে প্রকাশ পেয়েছে সিনেমার একটি গান। এতে কিরণ ও বিক্রমের পর্দার রসায়ন নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা চলছে।
সহশিল্পী বিক্রমের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করা নিয়েও কোনো অস্বস্তি হয়নি বলে জানান কিরণ। তাঁর কথায়, ‘শুধু বিক্রমদা নন, পুরো টিমই খুব সাহায্য করেছে। ওরা সবাই আমায় আগলে রেখেছিলেন। কারণ এটা আমার প্রথম সিনেমা। ভুল হলে ওরা বুঝিয়ে দিতেন।’
যেভাবে অভিনয়ে আসা
অভিনেত্রী হওয়ার স্বপ্ন কীভাবে তৈরি হলো, সে প্রসঙ্গে কিরণ জানান, একটি গহনা প্রস্তুতকারী প্রতিষ্ঠানের মুখ হওয়ার পর মুম্বাই থেকে অভিনয়ের বিষয়ে কয়েকটি ফোন পান তিনি। এরপর নেটফ্লিক্সের একটি তিন মাসের কর্মশালায় অংশ নেন।
তবে ব্যক্তিগত কিছু কারণে মাঝপথে বেশ কয়েকটি সুযোগ হাতছাড়া হয়েছিল। এখন কাজের বিষয়ে আরও মনোযোগী হয়েছেন বলে জানান তিনি।
কঠিন সময় পেরিয়ে আত্মবিশ্বাস ফিরে পাওয়া
জীবনের নানা প্রতিকূলতার কথাও সাক্ষাৎকারে তুলে ধরেন কিরণ। একসময় শারীরিক নানা সমস্যার কারণে ওজন বেড়ে যাওয়া এবং আত্মবিশ্বাসের অভাবসহ বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে তাঁকে।
কিরণ বলেন, ‘আগে নিজের পোস্টার বা ছবি দেখে বিশ্বাসই করতে পারতাম না যে এটা আমি। ছোটবেলায় ছবি তুলতে লজ্জা পেতাম। জীবনটা রোলার কোস্টারের মতো ছিল।’
তবে সময়ের সঙ্গে নিজেকে সামলে নিতে শিখেছেন তিনি। এখন অতীতের দিকে না তাকিয়ে সামনে এগিয়ে যাওয়াই তাঁর লক্ষ্য। দর্শকদের ভালোবাসাকে নিজের সবচেয়ে বড় শক্তি বলে মনে করেন এই অভিনেত্রী।
পর্দার মেয়ের সঙ্গেও গড়ে উঠেছে বন্ধুত্ব
‘বাবা’ সিনেমায় মায়ের চরিত্রে অভিনয় করলেও বাস্তব জীবনে শিশুদের খুব ভালোবাসেন কিরণ। তাই সিনেমায় তাঁর মেয়ের চরিত্রে অভিনয় করা ছোট্ট অশ্লেষার সঙ্গেও সহজেই বন্ধুত্ব গড়ে ওঠে।
ব্যক্তিগত জীবন নিয়ে কিরণ জানান, জীবনে বারবার কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছেন তিনি। তাই আপাতত নতুন করে প্রেম বা বিয়ে নিয়ে ভাবতে চান না। তবে ভবিষ্যতে নিজের মতো একটি ফুটফুটে কন্যাসন্তান পাওয়ার ইচ্ছা রয়েছে তাঁর।
কঠিন চরিত্রে অভিনয়ের প্রস্তুতি
ভবিষ্যতে আরও চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করতে চান কিরণ। এ জন্য নাচ ও জিমন্যাস্টিকসের মতো বিষয়েও নিয়মিত সময় দিচ্ছেন। অভিনয়ের পাশাপাশি নিজেকে বিভিন্ন ক্ষেত্রে দক্ষ করে তুলতে চান তিনি।
কর্মজীবনের অনিশ্চয়তার বিষয়টিও মাথায় রাখছেন এই অভিনেত্রী। তাই মানসিকভাবে প্রস্তুত থাকার পাশাপাশি বিকল্প পথও খোলা রাখতে চান।
কিরণের অনুপ্রেরণার জায়গায় রয়েছেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। তাঁর একটি কথাকেই জীবনের মূলমন্ত্র হিসেবে গ্রহণ করেছেন এই অভিনেত্রী—কারও খারাপ না চেয়ে নিজের কাজে মনোযোগ দেওয়া এবং বাকিটা সৃষ্টিকর্তার হাতে ছেড়ে দেওয়া।
এদিকে ‘বাবা’ সিনেমার বাইরে আরও একটি নতুন কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন কিরণ। ইতোমধ্যে সেটির প্রথম পর্যায়ের শুটিং শেষ হয়েছে। আগামী জানুয়ারিতে দ্বিতীয় পর্যায়ের শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।



