tanaka
প্রচ্ছদশিক্ষাঙ্গনএনটিআরসিএর নিয়োগ বিধিমালা সংশোধন: সভায় আলোচনা হলেও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি

এনটিআরসিএর নিয়োগ বিধিমালা সংশোধন: সভায় আলোচনা হলেও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগের পদ্ধতি ও বিদ্যমান নিয়োগ বিধিমালা সংশোধন নিয়ে অনুষ্ঠিত সভায় কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হলেও বিধিমালার খসড়া চূড়ান্ত করা সম্ভব হয়নি। এ বিষয়ে পরবর্তী সময়ে আরও একটি সভা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বেলা ১১টায় শুরু হওয়া সভা শেষ হয় দুপুর ২টার পর। এতে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চেয়ারম্যান আলিফ রুদাবা এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেলসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভাসূত্র জানায়, নির্ধারিত সময়ে সভা শুরু হলেও শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন সেখানে উপস্থিত হন বেলা দেড়টার দিকে। ফলে নিয়োগ বিধিমালার বিভিন্ন প্রস্তাব নিয়ে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ সম্ভব হয়নি। তবে শিক্ষক নিয়োগে প্রার্থীদের পছন্দক্রম নির্ধারণের বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে।

সভায় উপস্থিত নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, ‘প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে প্রার্থীরা একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান পছন্দক্রমে রাখার কারণে বিভিন্ন ধরনের জটিলতা তৈরি হতো। এ কারণে পছন্দক্রমের সংখ্যা কমিয়ে আনার বিষয়ে আলোচনা হয়েছে। তবে এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।’

ওই কর্মকর্তা আরও জানান, নিয়োগ বিধিমালা সংশোধনের বিষয়ে পরবর্তী সময়ে আরেকটি সভা অনুষ্ঠিত হবে। সেখানে প্রস্তাবিত বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা শেষে খসড়া বিধিমালা চূড়ান্ত করার উদ্যোগ নেওয়া হবে। তবে পরবর্তী সভার তারিখ এখনো নির্ধারণ করা হয়নি।

সূত্র: সভাসংশ্লিষ্ট কর্মকর্তা