tanaka
প্রচ্ছদসর্বশেষ সংবাদঅর্থনীতিএক বছরে ব্যাংক খাতে আমানত বেড়েছে প্রায় আড়াই লাখ কোটি টাকা

এক বছরে ব্যাংক খাতে আমানত বেড়েছে প্রায় আড়াই লাখ কোটি টাকা

দেশের ব্যাংক খাতে আমানতের পরিমাণ উল্লেখযোগ্য হারে বেড়েছে। গত এক বছরে ব্যাংকগুলোতে আমানত বেড়েছে ১২ দশমিক ৯৪ শতাংশ, যার পরিমাণ প্রায় দুই লাখ ৪৮ হাজার কোটি টাকা। সংশ্লিষ্টরা বলছেন, কেন্দ্রীয় ব্যাংকের সংস্কার উদ্যোগ এবং কিছুটা স্থিতিশীলতা ফিরে আসায় ব্যাংক খাতের প্রতি গ্রাহকদের আস্থা বাড়তে শুরু করেছে।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের সেপ্টেম্বর শেষে দেশের ব্যাংক খাতে মোট আমানতের পরিমাণ দাঁড়িয়েছে ২১ লাখ ৬২ হাজার ৫২৮ কোটি ৬০ লাখ টাকা। গত বছরের একই সময়ে এই পরিমাণ ছিল ১৯ লাখ ১৪ হাজার ৭৪৪ কোটি ৫০ লাখ টাকা। অর্থাৎ এক বছরের ব্যবধানে আমানত বেড়েছে দুই লাখ ৪৭ হাজার ৭৮৪ কোটি ১০ লাখ টাকা।

এদিকে চলতি বছরের আগস্টের তুলনায় সেপ্টেম্বরে ব্যাংক খাতে আমানত বেড়েছে ৩০ হাজার সাত কোটি ৩০ লাখ টাকা।

ব্যাংক খাতের আর্থিক ভিত্তি শক্তিশালী করা এবং সুশাসন প্রতিষ্ঠায় কেন্দ্রীয় ব্যাংকের বিভিন্ন সংস্কার উদ্যোগের মধ্যে আমানতের এই প্রবৃদ্ধিকে ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, কেন্দ্রীয় ব্যাংকের বিভিন্ন উদ্যোগের ফলে ব্যাংক খাতে সাধারণ মানুষের আস্থা ফিরতে শুরু করেছে। সমস্যাগ্রস্ত কয়েকটি ব্যাংক আমানতকারীদের অর্থ ফেরত দিতে শুরু করায় এ ক্ষেত্রে ইতিবাচক প্রভাব পড়েছে।

তিনি আরও জানান, ব্যাংক খাতে স্থিতিশীলতা ও সুশাসন নিশ্চিত করতে সমন্বিত সংস্কার কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। ইতোমধ্যে ১৫টি ব্যাংকের সম্পদের গুণগত মান পর্যালোচনা (অ্যাসেট কোয়ালিটি রিভিউ) সম্পন্ন হয়েছে। বিশ্বব্যাংকের সহায়তায় অন্যান্য ব্যাংকের মূল্যায়ন কার্যক্রমও এগিয়ে চলছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বর শেষে ব্যাংকগুলোর বিতরণ করা ঋণ ও অগ্রিমের পরিমাণ দাঁড়িয়েছে ১৮ লাখ ১১ হাজার ৯৪৪ কোটি ৩০ লাখ টাকা। এক বছরের ব্যবধানে এ খাতে প্রবৃদ্ধি হয়েছে ৩ দশমিক ৯৬ শতাংশ।

অন্যদিকে সরকারি সিকিউরিটিজ ও অন্যান্য আর্থিক উপকরণে ব্যাংকগুলোর বিনিয়োগ এক বছরে ৩১ দশমিক ৩১ শতাংশ বেড়ে সাত লাখ ৬৭ হাজার ৭৩১ কোটি টাকায় দাঁড়িয়েছে।

ব্যাংক খাতে সামগ্রিক আমানত বৃদ্ধির পাশাপাশি কয়েকটি বেসরকারি ব্যাংকেও উল্লেখযোগ্য প্রবৃদ্ধি দেখা গেছে। ২০২৫ সালের ডিসেম্বর থেকে চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত ব্র্যাক ব্যাংকের আমানত ১৬ শতাংশ বেড়ে এক লাখ তিন হাজার ৯১ কোটি টাকা ছাড়িয়েছে। একই সময়ে সিটি ব্যাংকের আমানত ২২ দশমিক ৬ শতাংশ বেড়ে ৭৭ হাজার ৪১২ কোটি টাকা হয়েছে। আর ব্যাংক এশিয়ার আমানত প্রথম নয় মাসে ১৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫৩ হাজার ৩০৮ কোটি টাকা।

অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশ (এবিবি)-এর চেয়ারম্যান ও সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাসরুর আরেফিন বলেন, এক বছরে ব্যাংক খাতে প্রায় ১৩ শতাংশ আমানত বৃদ্ধি গ্রাহকদের আস্থা পুনরুদ্ধারের উৎসাহব্যঞ্জক লক্ষণ। তবে সব ব্যাংকে আমানত বৃদ্ধির চিত্র সমান নয়। গ্রাহকরা এখন তুলনামূলক ভালো সুশাসন ও শক্তিশালী আর্থিক ভিত্তিসম্পন্ন ব্যাংকের প্রতি বেশি আগ্রহ দেখাচ্ছেন।

তিনি বলেন, আমানতকারীদের পূর্ণ আস্থা ফিরিয়ে আনতে সুশাসন, সম্পদের গুণগত মান এবং আর্থিক শৃঙ্খলার ধারাবাহিক উন্নয়ন নিশ্চিত করতে হবে।

সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, আমানত বৃদ্ধির পাশাপাশি গ্রাহকরা যাতে প্রয়োজনের সময় নির্বিঘ্নে অর্থ উত্তোলন করতে পারেন, মেয়াদি আমানতের টাকা ফেরত পান এবং চেক ও এটিএম সেবা স্বাভাবিকভাবে ব্যবহার করতে পারেন, সেটিও নিশ্চিত করা জরুরি। বিশেষ করে আর্থিক সংকটে থাকা ব্যাংকগুলোর জন্য এসব সেবা স্বাভাবিক রাখা আস্থা পুনরুদ্ধারের অন্যতম বড় চ্যালেঞ্জ।

এসবিএসি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবদুল কাইয়ুম চৌধুরী বলেন, ব্যাংক খাতে আস্থা ফেরাতে শুধু তারল্য সহায়তা যথেষ্ট নয়। এর পাশাপাশি করপোরেট সুশাসন, স্বচ্ছ আর্থিক প্রতিবেদন, ঋণ আদায়, পর্যাপ্ত মূলধন সংরক্ষণ এবং অনিয়মের সঙ্গে জড়িত ব্যক্তিদের জবাবদিহি নিশ্চিত করতে হবে।

বিশ্লেষকদের মতে, ব্যাংক খাতে আমানত বৃদ্ধির এই ধারা ধরে রাখার পাশাপাশি উৎপাদনশীল খাতে ঋণপ্রবাহ বাড়ানো প্রয়োজন। এতে বেসরকারি বিনিয়োগ বৃদ্ধি, শিল্পের সম্প্রসারণ এবং নতুন কর্মসংস্থান সৃষ্টিতে ব্যাংক খাত আরও কার্যকর ভূমিকা রাখতে পারবে।