পর্দায় হাস্যরসাত্মক অভিনয়ের মাধ্যমে দর্শকদের মনে জায়গা করে নিয়েছিলেন অভিনেতা সোহেল খান। তাঁর অভিনয়ের অভিব্যক্তি ও সংলাপ আজও দর্শকদের আনন্দ দেয়। পর্দার মতো ব্যক্তিজীবনেও তিনি ছিলেন হাসিখুশি ও প্রাণবন্ত একজন মানুষ। তবে সেই হাসি-আনন্দের মানুষটিই এবার ঘরে ফিরছেন নিথর দেহে।
কয়েক দিন আগে অভিনয়ের প্রয়োজনে বগুড়ায় গিয়েছিলেন সোহেল খান। সেখানে ‘নসীব’ সিনেমার শুটিংয়ে অংশ নিচ্ছিলেন তিনি। শুটিং সেটে সহকর্মীদের মাতিয়ে রাখতেন হাসি-আনন্দে। কিন্তু মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে সেই শুটিংয়ে অংশ নিতে গিয়েই অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
পরিচালক মো. ইকবাল সোহেল খানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অভিনেতার মৃত্যুর পর ‘নসীব’ সিনেমার শুটিং বন্ধ রাখা হয়েছে। তাঁর মরদেহ ঢাকার ধামরাইয়ে নিয়ে যাওয়া হচ্ছে। ধামরাইয়ের রাজাপুরে অভিনেতার গ্রামের বাড়ি। সেখানেই জানাজা ও দাফনের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।
হাসপাতালের দেওয়া মৃত্যুসনদ অনুযায়ী, মৃত্যুকালে সোহেল খানের বয়স হয়েছিল ৬৬ বছর। সনদে তাঁর মৃত্যুর কারণ হিসেবে ‘কার্ডিয়াক অ্যারেস্ট’ উল্লেখ করা হয়েছে।
শুটিং ইউনিট সূত্রে জানা গেছে, গত ১৯ নভেম্বর থেকে ‘নসীব’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে বগুড়ায় অবস্থান করছিলেন সোহেল খান। বুধবার তাঁর অংশের শুটিং শেষ হওয়ার কথা ছিল। মঙ্গলবার সকালে মেকআপ নিয়ে শুটিংয়ের জন্য প্রস্তুতও হয়েছিলেন তিনি।
পরে তাঁকে ডাকতে হোটেলের কক্ষে যান শুটিং ইউনিটের এক সদস্য। সেখানে গিয়ে তাঁকে বিছানায় পড়ে থাকতে দেখেন। ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে তিনি অন্যদের খবর দেন। এরপর দ্রুত তাঁকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।
মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত বাংলালিংকের একটি বিজ্ঞাপনচিত্রে অভিনয়ের মধ্য দিয়ে পর্দায় যাত্রা শুরু করেন সোহেল খান। পরবর্তী সময়ে ফারুকীর রাজনৈতিক ব্যঙ্গধর্মী ধারাবাহিক নাটক ‘৪২০’-এ ‘বিশু’ চরিত্রে অভিনয় করে ব্যাপক পরিচিতি অর্জন করেন তিনি।
নাটকের পাশাপাশি চলচ্চিত্রেও নিজের অভিনয়দক্ষতার পরিচয় দিয়েছেন সোহেল খান। তাঁর অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘দারুচিনি দ্বীপ’ (২০০৭), ‘প্রজাপতি’ (২০১১), ‘দেশা: দ্য লিডার’ (২০১৪), ‘কেমনে কি!’ (২০২১), ‘প্রিয় কমলা’ (২০২১), ‘শান’ (২০২২) ও ‘জংলি’ (২০২৫)।
তাঁর আকস্মিক মৃত্যুতে দেশের বিনোদন অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী, ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে নেমে এসেছে গভীর শোক।



