tanaka
প্রচ্ছদজাতীয়গ্রামীণ ব্যাংকে কেন ধারাবাহিক হামলা, আল জাজিরার বিশ্লেষণ

গ্রামীণ ব্যাংকে কেন ধারাবাহিক হামলা, আল জাজিরার বিশ্লেষণ

বাংলাদেশের গোপালগঞ্জের কাশিয়ানীতে গত সপ্তাহে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় হামলা, ভাঙচুর ও লুটপাটের পর পুড়িয়ে দেওয়া হয়েছে প্রায় তিন দশকের পুরোনো গুরুত্বপূর্ণ নথিপত্র। হামলাকারীরা ঋণের কাগজপত্রে আগুন দিয়ে দাবি করে, এসব নথি ধ্বংস হলে গ্রাহকদের আর ঋণ পরিশোধ করতে হবে না। তবে ঘটনাটি বিচ্ছিন্ন নয়। নভেম্বরের মাঝামাঝি থেকে দেশের বিভিন্ন স্থানে গ্রামীণ ব্যাংকের শাখা ও কার্যালয়ে ধারাবাহিক হামলার অভিযোগ উঠেছে। এসব ঘটনায় প্রতিষ্ঠানটির নিরাপত্তা, গ্রাহকদের আমানত এবং দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে।

গত ১৮ নভেম্বর দুপুরে কাশিয়ানী শাখায় হামলার ঘটনা ঘটে। শাখাটির ব্যবস্থাপক সোলাইমান মোল্লার ভাষ্য অনুযায়ী, প্রায় এক ডজন ব্যক্তি দা, পেট্রল ও তালা ভাঙার সরঞ্জাম নিয়ে সেখানে হাজির হন। ওই সময় ব্যাংকের কর্মীরা ঋণ আদায়সহ বিভিন্ন কাজে মাঠপর্যায়ে অবস্থান করছিলেন।

হামলাকারীরা প্রথমে শাখাটিতে লুটপাট চালান। পরে গ্রাইন্ডার দিয়ে ভল্ট ভাঙার চেষ্টা করেন। একপর্যায়ে প্রায় ৪০ বস্তা ভাউচার ও অন্যান্য নথিপত্র বাইরে বের করে আগুন ধরিয়ে দেওয়া হয়। লুট করা হয় স্টিলের আলমারি, ফাইল রাখার ক্যাবিনেট, চেয়ার, টেবিলসহ বিভিন্ন সরঞ্জাম। এমনকি ব্যাংকের এক কর্মীর ভাত রান্নার কুকারটিও নিয়ে যায় হামলাকারীরা।

সোলাইমান মোল্লা বলেন, ‘তারা বলেছিল, নথিপত্র পুড়িয়ে দিলে কাউকে আর ঋণ পরিশোধ করতে হবে না।’

হামলার ভিডিও পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। শাখা ব্যবস্থাপকের দাবি, হামলাকারীদের মুখে ‘জয় বাংলা’ ও ‘জয় বঙ্গবন্ধু’ স্লোগান শোনা গেছে, যা ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট। এ সময় গ্রামীণ ব্যাংককে ‘ইউনূসের আস্তানা’ আখ্যা দিয়ে প্রতিষ্ঠানটি পুড়িয়ে দেওয়ার স্লোগানও দেওয়া হয়।

হামলার পর শাখাটির স্বাভাবিক কার্যক্রম এখনো পুরোপুরি চালু করা সম্ভব হয়নি। কর্মীরা হুমকি পাচ্ছেন, অন্যদিকে গ্রাহকদের মধ্যে আমানত ও ঋণের নথিপত্রের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

সোলাইমান মোল্লার ভাষায়, ‘একটি ব্যাংক আস্থার ওপর নির্ভর করে। এই ঘটনা গ্রাহকদের সেই আস্থায় প্রভাব ফেলছে। আমাদের কাছে যাদের আমানত রয়েছে, তারা আতঙ্কিত হয়ে পড়ছেন।’

দেশজুড়ে ৯৭টি হামলার অভিযোগ

গ্রামীণ ব্যাংকের ২৩ নভেম্বরের সর্বশেষ অভ্যন্তরীণ স্মারক অনুযায়ী, ১০ থেকে ২৩ নভেম্বর পর্যন্ত প্রতিষ্ঠানটির বিভিন্ন শাখা ও কার্যালয়ে মোট ৯৭টি হামলার ঘটনা ঘটেছে।

নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস প্রতিষ্ঠিত এই ব্যাংক বাংলাদেশের রাজনৈতিক উত্তেজনার মধ্যে নতুন করে আলোচনায় এসেছে। ২০২৪ সালের আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেন ইউনূস। পরে তিনি সেই দায়িত্ব ছাড়েন।

সোমবার (২৩ নভেম্বর) এক বিবৃতিতে গ্রামীণ ব্যাংকের ওপর ‘পরিকল্পিত হামলার’ ঘটনায় গভীর বিস্ময় প্রকাশ করেন মুহাম্মদ ইউনূস। তিনি জানান, কয়েকটি ঘটনায় ব্যাংকের কর্মকর্তা ও ঋণগ্রহীতা সদস্যরা অল্পের জন্য প্রাণঘাতী আঘাত থেকে রক্ষা পেয়েছেন।

বাংলাদেশের অন্যতম পরিচিত আর্থিক প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংক ক্ষুদ্রঋণ কার্যক্রমের পথিকৃৎ। প্রচলিত ব্যাংকিং ব্যবস্থায় ঋণ পাওয়ার সুযোগ সীমিত এমন দরিদ্র জনগোষ্ঠীকে ছোট অঙ্কের ঋণ দিয়ে থাকে প্রতিষ্ঠানটি।

ব্যাংকটির প্রায় ৯০ শতাংশ মালিকানা ঋণগ্রহীতা সদস্যদের হাতে। বাকি ১০ শতাংশ সরকারের। ব্যবস্থাপনা পরিচালক সরদার আখতার হামেদের দেওয়া তথ্য অনুযায়ী, ব্যাংকটির সদস্যসংখ্যা প্রায় ১ কোটি ৬ লাখ। তাঁদের অধিকাংশই গ্রামীণ নারী। প্রায় ৫৫ লাখ ঋণগ্রহীতার কাছে ব্যাংকটির বকেয়া ঋণের পরিমাণ ১৯ হাজার কোটি টাকার বেশি। অন্যদিকে সদস্যদের আমানতের পরিমাণ প্রায় ২৫ হাজার কোটি টাকা।

হামেদ বলেন, ‘আমাদের সেবার আওতায় এমন অনেক মানুষ রয়েছেন, যাদের ঋণ দিতে অন্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো আগ্রহী নয়। আমরা তাদের পাশে দাঁড়িয়ে ঋণ পাওয়ার সুযোগ করে দিই।’

প্রতিষ্ঠানটির প্রায় ২১ হাজার কর্মীর ওপরও হামলার প্রভাব পড়েছে। হামেদের মতে, এসব ঘটনায় কর্মীদের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। পাশাপাশি তাঁরা মানসিকভাবেও ক্ষতিগ্রস্ত হয়েছেন।

রাজনৈতিক বিরোধের প্রতীকী লক্ষ্য গ্রামীণ ব্যাংক?

গ্রামীণ ব্যাংকে হামলার জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দল আওয়ামী লীগকে দায়ী করেছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক অনুবিভাগের দায়িত্বে থাকা অতিরিক্ত সচিব জিয়াউদ্দিন আহমেদ আলজাজিরাকে বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে।

হাসিনার সমর্থকদের নতুন করে রাজনৈতিক তৎপরতা শুরুর প্রেক্ষাপটেই এসব হামলার ঘটনা ঘটছে। তাঁর নিজ জেলা গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় এ নিয়ে অস্থিরতা তৈরি হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, হাসিনার সমর্থকেরা থানাসহ স্থানীয় সংসদ সদস্যদের বাড়িতে আগুন দিয়েছেন। ফরিদপুর ও নড়াইলে বিএনপির তিন সদস্যকে হত্যার অভিযোগও রয়েছে তাঁদের বিরুদ্ধে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মুহাম্মদ ইউনূসের প্রতি ক্ষোভ প্রকাশের প্রতীকী লক্ষ্য হয়ে উঠেছে গ্রামীণ ব্যাংক। ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময় আওয়ামী লীগকে নির্বাচনি রাজনীতি থেকে নিষিদ্ধ করা হয়। ২০২৪ সালের আন্দোলন দমনে বিক্ষোভকারীদের ওপর হত্যাযজ্ঞের ঘটনায় একটি ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন। বর্তমানে ভারতে নির্বাসিত জীবন কাটানো হাসিনা সম্প্রতি বাংলাদেশে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন।

ওয়েস্টার্ন সিডনি বিশ্ববিদ্যালয়ের মানবিক ও উন্নয়ন গবেষণা উদ্যোগের গবেষক মোবাশ্বের হাসান মনে করেন, হামলার সময়টি বিশেষ তাৎপর্যপূর্ণ। তাঁর মতে, আওয়ামী লীগ সমর্থকেরা একদিকে হাসিনার প্রত্যাবর্তনের দাবিতে তৎপরতা চালাচ্ছেন, অন্যদিকে ইউনূসের সঙ্গে সরাসরি সংশ্লিষ্ট একটি প্রতীকী প্রতিষ্ঠান হিসেবে গ্রামীণ ব্যাংককে আঘাত করার সুযোগ পাচ্ছেন।

তিনি বলেন, ‘আওয়ামী লীগের কট্টরপন্থিদের কাছে ইউনূস তাদের পতনের প্রতীক। তাই তার ব্যাংকে আগুন দেওয়া তার ওপর পাল্টা আঘাত করার একটি উপায়।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক আসিফ মোহাম্মদ শাহানও এসব হামলাকে বৃহত্তর রাজনৈতিক কৌশলের অংশ হিসেবে দেখছেন। তাঁর মতে, ২০২৪ সালের আগস্টের গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগের সামনে দুটি পথ ছিল—ভুল স্বীকার করে রাজনৈতিক পুনর্বাসনের চেষ্টা করা অথবা শক্তি প্রয়োগের মাধ্যমে রাজনীতিতে ফেরার চেষ্টা করা। দলটি দ্বিতীয় পথ বেছে নিয়েছে।

শাহানের ভাষ্য, গ্রামীণ ব্যাংকে হামলার মধ্য দিয়ে মূলত প্রতিশোধের রাজনীতির বার্তা দেওয়া হচ্ছে। একই সঙ্গে সরকারকে কঠোর দমন-পীড়নের দিকে ঠেলে দিয়ে নিজেদের রাজনৈতিকভাবে নিপীড়িত হিসেবে তুলে ধরার চেষ্টাও থাকতে পারে।

হামলার বড় ভুক্তভোগী দরিদ্র ঋণগ্রহীতা ও আমানতকারীরা

গ্রামীণ ব্যাংকের মালিকানার কাঠামোর কারণে এসব হামলার সরাসরি প্রভাব পড়ছে দরিদ্র ঋণগ্রহীতা ও আমানতকারীদের ওপর। ব্যাংকটির অধিকাংশ মালিকই এমন নারী, যাঁরা ঋণ, সঞ্চয় ও অন্যান্য আর্থিক সেবার জন্য প্রতিষ্ঠানটির ওপর নির্ভরশীল।

গবেষক মোবাশ্বের হাসানের মতে, কোনো শাখায় আগুন দেওয়া হলে শুধু ভবন, আসবাবপত্র কিংবা সরঞ্জামই নষ্ট হয় না; পুড়ে যায় দরিদ্র গ্রাহকদের ঋণের নথি, সঞ্চয়ের হিসাব এবং কিস্তি পরিশোধের সময়সূচিও। এর ফলে ঋণগ্রহীতারা অনানুষ্ঠানিক ঋণদাতাদের ওপর নির্ভরশীল হয়ে পড়তে পারেন। নিয়মিত কিস্তি পরিশোধ করাও তাঁদের জন্য কঠিন হয়ে উঠতে পারে।

ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক হামেদ জানিয়েছেন, হামলার কারণে যেসব শাখা কার্যক্রম চালাতে পারছে না, সেসব শাখার বকেয়া ঋণের ওপর সুদ হিসাব সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। কর্মী ও সম্পদের নিরাপত্তায় কিছু শাখায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকার কয়েকটি শাখা থেকে কর্মীদের অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে।

হামলা প্রতিরোধে সরকারের সক্ষমতা নিয়ে প্রশ্ন

গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখায় ধারাবাহিক হামলার ঘটনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের সক্ষমতা নিয়েও প্রশ্ন উঠেছে।

তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা জিয়াউদ্দিন আহমেদ মনে করেন, সরকার পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হচ্ছে—এমন দাবি সঠিক নয়। পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, এসব ঘটনায় আটটি মামলা হয়েছে এবং আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। জনবলের সংকটের কারণে পুলিশের কার্যক্রমে কিছু সীমাবদ্ধতা রয়েছে বলেও জানান তিনি।

ব্যবস্থাপনা পরিচালক হামেদ বলেন, ব্যাংক কর্তৃপক্ষ সহায়তা চাইলে পুলিশ সাড়া দিয়েছে। কোনো কোনো ক্ষেত্রে সম্ভাব্য হামলার বিষয়ে আগাম সতর্কতাও দেওয়া হয়েছে। তবে অধিকাংশ সময় নিজেদের সতর্কতা ও উদ্যোগের ওপর নির্ভর করেই নিরাপত্তা নিশ্চিত করতে হয়েছে।

হামেদের মতে, দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হলে গ্রামীণ ব্যাংকের প্রতিও গ্রাহকদের আস্থা ও বিশ্বাস স্বাভাবিকভাবে ফিরে আসবে।

সূত্র: আলজাজিরা