বেসরকারি স্কুল-কলেজের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নবম জাতীয় পে-স্কেল অনুযায়ী বেতন-ভাতা দিতে অতিরিক্ত অর্থ বরাদ্দ চেয়ে নতুন করে অর্থ বিভাগে চিঠি পাঠানোর উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এ জন্য ইতোমধ্যে ফাইল উপস্থাপন করা হয়েছে। অনুমোদন পেলেই চিঠিটি অর্থ বিভাগে পাঠানো হবে।
সোমবার (২৩ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, নতুন পে-স্কেল অনুযায়ী স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা দিতে অতিরিক্ত ৬ হাজার ৮৯৫ কোটি টাকা প্রয়োজন হবে।
এর মধ্যে মাধ্যমিক বিদ্যালয়ের জন্য প্রয়োজন ৫ হাজার ৯৪ কোটি ১৮ লাখ ৯২ হাজার ৩৬৯ টাকা। আর কলেজের শিক্ষক-কর্মচারীদের জন্য প্রয়োজন হবে ১ হাজার ৮০১ কোটি ২৫ লাখ ৮৭ হাজার ৫৯৫ টাকা। এই অতিরিক্ত অর্থ বরাদ্দের জন্য অর্থ বিভাগের কাছে আনুষ্ঠানিকভাবে আবেদন জানাতে হবে।
সূত্রের তথ্য অনুযায়ী, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) থেকে পাঠানো নতুন হিসাবের বিবরণী অর্থ বিভাগে চিঠি আকারে পাঠানোর জন্য গত বৃহস্পতিবারই শিক্ষা মন্ত্রণালয়ে ফাইল তোলা হয়। তবে সোমবার বিকেল ৪টা পর্যন্ত ফাইলটির অনুমোদন প্রক্রিয়া শেষ হয়নি। এ কারণে সেদিনই চিঠি পাঠানোর সম্ভাবনা নেই।
এর আগে নবম পে-স্কেল অনুযায়ী স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীদের বেতন দিতে অতিরিক্ত ৩ হাজার ২৬৭ কোটি ৯০ লাখ টাকা বরাদ্দ চেয়েছিল মাউশি। তবে ওই হিসাব বিবরণীতে বড় ধরনের ভুল ছিল। নতুন হিসাব অনুযায়ী, প্রকৃত প্রয়োজনের পরিমাণ দাঁড়িয়েছে ৬ হাজার ৮৯৫ কোটি টাকা।
শিক্ষা মন্ত্রণালয়ের সূত্র জানায়, হিসাবের অসংগতির বিষয়টি সম্প্রতি অর্থ বিভাগ চিঠির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে মন্ত্রণালয়কে অবহিত করে। এরপর শিক্ষা মন্ত্রণালয় মাউশিকে পুনরায় হিসাব প্রস্তুত করে পাঠানোর নির্দেশ দেয়। সেই নির্দেশনা অনুসারে গত বৃহস্পতিবার সংশোধিত হিসাব মন্ত্রণালয়ে পাঠায় মাউশি। এখন নতুন হিসাবের ভিত্তিতে অতিরিক্ত অর্থ বরাদ্দ চেয়ে অর্থ বিভাগে চিঠি পাঠানোর প্রস্তুতি চলছে।



