tanaka
প্রচ্ছদঅন্যান্য৮ মাস পর হাম ও উপসর্গে মৃত্যুহীন দিন, ২৪ ঘণ্টায় আক্রান্ত ১,৪১৭...

৮ মাস পর হাম ও উপসর্গে মৃত্যুহীন দিন, ২৪ ঘণ্টায় আক্রান্ত ১,৪১৭ শিশু

দীর্ঘ আট মাস পর দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। গত ২৪ ঘণ্টায় (রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা) নতুন করে কারও মৃত্যুর তথ্য পাওয়া যায়নি। তবে একই সময়ে ১ হাজার ৪১৭ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে, যাদের মধ্যে ৯৬ জনের হাম নিশ্চিত হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের প্রকাশিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম কিংবা হামের উপসর্গ নিয়ে কোনো রোগীর মৃত্যু হয়নি। গত ১৫ মার্চ থেকে ২৩ নভেম্বর পর্যন্ত দেশে নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৬ হাজার ২৩২ জনে। একই সময়ে সন্দেহজনক রোগী শনাক্ত হয়েছেন ২ লাখ ৫৭ হাজার ৯০৭ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে ১০৫ জন এবং সন্দেহজনক হামে ১ হাজার ২৪৭ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে নিশ্চিত ও সন্দেহজনক হামজনিত মৃত্যুর সংখ্যা ১ হাজার ৩৫২।

হাসপাতালে ভর্তি ও সুস্থতার হিসাবেও উল্লেখযোগ্য তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ২৬১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ হাজার ৩১৪ জন।

গত ১৫ মার্চ থেকে ২৩ নভেম্বর পর্যন্ত সারা দেশে হাম ও উপসর্গ নিয়ে মোট ২ লাখ ৩০ হাজার ৭৯১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ লাখ ২২ হাজার ১৯ জন।

বিভাগভিত্তিক হিসাবে গত ২৪ ঘণ্টায় নতুন করে নিশ্চিত হাম শনাক্ত হওয়া ৯৬ জনের মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৫৩ জন। এ ছাড়া সিলেটে ৩৫ জন এবং চট্টগ্রামে ৮ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। ময়মনসিংহ, রাজশাহী, বরিশাল, খুলনা ও রংপুর বিভাগে এ সময়ে নতুন কোনো নিশ্চিত রোগী শনাক্ত হয়নি।

অন্যদিকে, সন্দেহজনক হাম রোগী শনাক্তের সংখ্যায়ও শীর্ষে রয়েছে ঢাকা বিভাগ। গত ২৪ ঘণ্টায় এ বিভাগে ৫৭৫ জন সন্দেহভাজন রোগী শনাক্ত হয়েছেন। চট্টগ্রামে ২৪৩ জন, সিলেটে ১৭৯ জন, বরিশালে ৯৫ জন, খুলনায় ৯৩ জন, ময়মনসিংহে ৭৬ জন, রাজশাহীতে ৩৮ জন এবং রংপুরে ২২ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দীর্ঘ সময় পর এক দিনে হাম ও উপসর্গে মৃত্যুর কোনো ঘটনা নথিভুক্ত না হলেও নতুন রোগী শনাক্ত এবং হাসপাতালে ভর্তির সংখ্যা এখনো উল্লেখযোগ্য পর্যায়ে রয়েছে।