সংবিধান সংশোধন কমিটিকে ‘একদলীয়’ আখ্যা দিয়ে তা বাতিলের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। একই সঙ্গে গণভোটের রায়ের ভিত্তিতে জুলাই সনদ বাস্তবায়ন এবং রাষ্ট্র সংস্কারকে জাতীয় ঐক্যের অন্যতম প্রধান এজেন্ডা করার সুপারিশ করেছে দলটি।
সোমবার (২৩ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে এসব দাবি ও প্রস্তাবের কথা জানান এনসিপির আহ্বায়ক এবং বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। আওয়ামী লীগের নাশকতামূলক কর্মকাণ্ডের পরিপ্রেক্ষিতে বৃহত্তর জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রীর আহ্বানে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকের আলোচনার বিষয়ে নাহিদ ইসলাম বলেন, এনসিপির একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর সঙ্গে দেশের বর্তমান পরিস্থিতি এবং সমসাময়িক রাজনৈতিক সংকট নিয়ে আলোচনা করেছে।
তিনি জানান, জাতীয় ঐক্য প্রতিষ্ঠার যেকোনো উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান, রাষ্ট্র সংস্কার, বিচার এবং দেশের সার্বভৌমত্বকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। ঐক্য প্রক্রিয়ায় সংস্কারকে সুনির্দিষ্ট এজেন্ডা হিসেবে অন্তর্ভুক্ত করার সুপারিশও প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেছে এনসিপি।
জুলাই সনদ বাস্তবায়নের প্রয়োজনীয়তা তুলে ধরে নাহিদ ইসলাম বলেন, বর্তমান সংবিধান সংশোধন কমিটি সংস্কার কার্যক্রম, গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই সনদ কার্যকরের পথে বাধা সৃষ্টি করছে। এ কারণে কমিটিটি বাতিলের সুপারিশ করেছেন তারা। গণভোটে জনগণ যে রায় দিয়েছে, তার ভিত্তিতেই জুলাই সনদ বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন তিনি।
গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করার ওপর গুরুত্ব দিয়ে এনসিপির এই নেতা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদবিরোধী যে লড়াই শুরু হয়েছিল, তা এখনো শেষ হয়নি। এই সংগ্রাম ছিল গণতন্ত্রের পক্ষে ও বিপক্ষের শক্তির মধ্যে। গণতন্ত্রকে শক্তিশালী করার পাশাপাশি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে কার্যকর ও টেকসই করতে না পারলে জনগণের আস্থা অর্জন সম্ভব হবে না। এর প্রভাব পড়বে দেশের অর্থনৈতিক বিনিয়োগের ক্ষেত্রেও। তাই রাষ্ট্র সংস্কার অত্যন্ত জরুরি।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির বিষয়েও বৈঠকে আলোচনা হয়েছে বলে জানান নাহিদ ইসলাম। তার ভাষ্য, গত কয়েক দিনে নিরাপত্তা পরিস্থিতির ব্যাপক অবনতি ঘটেছে। এতে সরকারি দল, বিরোধী দল, ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক নেতাকর্মী এবং জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্বে থাকা ব্যক্তিরাও ক্ষতিগ্রস্ত হয়েছেন।
আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন স্থানে সন্ত্রাস ও অগ্নিসংযোগের অভিযোগ তুলে তিনি বলেন, বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণের উপায় এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে বৃহত্তর ঐক্য গড়ে তোলার সম্ভাবনা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রীও তার অবস্থান থেকে দেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
নাহিদ ইসলাম আরও জানান, ফ্যাসিবাদ ও জুলাই গণঅভ্যুত্থানের প্রশ্নে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। এর আগে জাতীয় সংসদেও তিনি একই আহ্বান জানিয়েছিলেন।
তবে বর্তমান পরিস্থিতির জন্য শুধু সাম্প্রতিক ঘটনাকে দায়ী করতে রাজি নন নাহিদ ইসলাম। তিনি বলেন, নির্বাচনের পর থেকেই গত সাত থেকে আট মাস ধরে আইনশৃঙ্খলা পরিস্থিতির ধারাবাহিক অবনতি ঘটেছে। আওয়ামী লীগের বিষয়ে কঠোর অবস্থান গ্রহণ না করা এবং ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের বিষয়গুলো আরও স্পষ্ট না করার কারণেও বর্তমান পরিস্থিতি তৈরি হয়েছে বলে তারা মনে করেন।
বৈঠকে এনসিপির প্রতিনিধিদলে নাহিদ ইসলাম ছাড়াও উপস্থিত ছিলেন দলটির সদস্য সচিব ও রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ এবং যুগ্ম আহ্বায়ক আকরাম হোসেন।



