tanaka

জাতীয় কাজুবাদাম দিবস আজ: নিয়মিত কাজুবাদাম খাওয়ার ৭ উপকারিতা

প্রোটিন, স্বাস্থ্যকর চর্বি, ম্যাগনেশিয়াম, তামা ও জিঙ্কে সমৃদ্ধ কাজুবাদাম। নিয়মিত ও পরিমিত পরিমাণে এই বাদাম খেলে হৃদ্‌স্বাস্থ্য, পেশি, হাড় ও রোগ প্রতিরোধব্যবস্থার স্বাভাবিক কার্যক্রমে উপকার পাওয়া যেতে পারে।
প্রচ্ছদজাতীয়পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৪ হাজার ৩০০ টাকা করার প্রস্তাব দিতে পারে...

পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৪ হাজার ৩০০ টাকা করার প্রস্তাব দিতে পারে মালিকপক্ষ

দীর্ঘ প্রতীক্ষার পর তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নিজেদের প্রস্তাব দিতে যাচ্ছে মালিকপক্ষ। সোমবার (২৩ নভেম্বর) ন্যূনতম মজুরি বোর্ডের তৃতীয় সভায় শ্রমিকদের মাসিক ন্যূনতম মজুরি ১১৩ থেকে ১১৫ মার্কিন ডলারের সমপরিমাণ নির্ধারণের প্রস্তাব দেওয়া হতে পারে। বর্তমান বিনিময় হার অনুযায়ী, বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ১৪ হাজার ৩০০ টাকা। তবে শ্রমিকপক্ষের দাবি, ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা করতে হবে।

বিজিএমইএর দুই নেতার দেওয়া তথ্য অনুযায়ী, মালিকপক্ষের প্রস্তাবে মাসিক মজুরির বিষয়টি তুলে ধরা হবে। বর্তমানে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা, যা ২০২৩ সালের নভেম্বরে নির্ধারণ করা হয়েছিল। গত ৯ নভেম্বর ন্যূনতম মজুরি বোর্ডের সভায় শ্রমিকপক্ষ বর্তমান মজুরি বাড়িয়ে ৩২ হাজার টাকা করার প্রস্তাব দিয়েছিল।

এদিকে মালিকপক্ষের প্রস্তাব শ্রমিকদের কাছে গ্রহণযোগ্য না হলে শিল্পাঞ্চলে শ্রম অসন্তোষ আরও বাড়তে পারে বলে সতর্ক করেছেন বোর্ডের শ্রমিক প্রতিনিধি বাবুল আখতার।

এরই মধ্যে রোববার গাজীপুরের শ্রীপুরের গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় মজুরি বৃদ্ধির দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা। অন্যদিকে সাভার ও আশুলিয়া এলাকায় ২১টি কারখানা বন্ধ ছিল। এ ছাড়া আরও ১৮টি কারখানায় শ্রমিকরা কাজে যোগ না দেওয়ায় কর্তৃপক্ষ সাধারণ ছুটি ঘোষণা করে।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসেন জানান, শ্রমিক বিক্ষোভের পর অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা ১৯টি কারখানা গতকাল খুলে দেওয়া হয়েছে।

বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বলেন, শিল্পাঞ্চলের পরিস্থিতির উন্নতি হচ্ছে এবং বন্ধ থাকা বেশির ভাগ কারখানায় উৎপাদন শুরু হয়েছে। মালিকপক্ষের প্রস্তাব জমা দেওয়ার পর শিল্পাঞ্চলে দ্রুত স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।

অন্যদিকে, সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) চার সদস্যের একটি পরিবারকে দারিদ্র্যসীমার ওপরে রাখতে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৮ হাজার ৫৭৮ থেকে ২৪ হাজার ২০৪ টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছিল।

তবে সিপিডির এই হিসাব নিয়ে আপত্তি জানিয়েছে বিজিএমইএ। সংগঠনটির অভিযোগ, সিপিডি মজুরি নির্ধারণের হিসাবে বাসাভাড়া দুইবার অন্তর্ভুক্ত করেছে এবং পরিবারের সদস্যসংখ্যাও তুলনামূলক বেশি ধরেছে।

অন্যদিকে, বিজিএমইএর অভিযোগ প্রত্যাখ্যান করে সিপিডি জানিয়েছে, তাদের হিসাবে আবাসন ব্যয় আলাদাভাবে বিবেচনা করা হয়েছে। ফলে একই ব্যয় দুইবার গণনার কোনো সুযোগ নেই।

সিপিডির মতে, পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণের ক্ষেত্রে শ্রমিকদের মৌলিক চাহিদার পাশাপাশি শিল্পের আর্থিক সক্ষমতা, উৎপাদন ব্যয়, সুদের হার, রপ্তানিমূল্য এবং যুক্তরাষ্ট্রের শুল্কসংক্রান্ত চাপও বিবেচনায় নেওয়া প্রয়োজন।

প্রতিষ্ঠানটি আরও মনে করে, জ্বালানিসংকট, উচ্চ সুদের হার ও দুর্নীতির মতো কাঠামোগত সমস্যার দায় শ্রমিকদের ওপর চাপিয়ে দিয়ে মজুরি কম রাখার যৌক্তিকতা নেই।