tanaka
প্রচ্ছদরাজধানীকোটি টাকায় ভাড়া করা হয় হামলাকারী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক

কোটি টাকায় ভাড়া করা হয় হামলাকারী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক

রাজধানীর ইসিবি চত্বরের দক্ষিণ মানিকদীতে নিউগিনি প্রপার্টিজের আবাসন প্রকল্পে হামলার জন্য এক কোটি টাকায় সন্ত্রাসী বাহিনী ভাড়া করার অভিযোগ উঠেছে। হামলার পরিকল্পনা, অর্থের লেনদেন এবং এতে জড়িত ব্যক্তিদের শনাক্ত করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনাক্ত করা হয়েছে শতাধিক হামলাকারীকেও। তবে ঘটনার প্রায় দুই মাস পেরিয়ে গেলেও হামলার অন্যতম সমন্বয়ক হিসেবে অভিযুক্ত ভাষানটেকের যুবরাজকে গ্রেপ্তার করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এদিকে, প্রথম দফার হামলার ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার ১১ আসামির মধ্যে আটজনই জামিনে মুক্তি পেয়েছেন। এরই মধ্যে একই প্রকল্পে তৃতীয় দফায় হামলার জন্য ৫০ লাখ টাকায় একটি সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে চুক্তি হয়েছে বলে অভিযোগ করেছেন প্রকল্পের মালিক।

তদন্ত-সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ২৬ সেপ্টেম্বর হামলার দিন দুপুরে ইসিবি চত্বরের একটি খাবারের দোকানে বসে ১৩ জন হামলার পরিকল্পনা করেন। সেখানে মামলার এক নম্বর আসামি শাহরিয়ার মাহমুদের সঙ্গে যুবরাজের এক কোটি টাকার চুক্তি হয়। হামলার জন্য লোকবল সংগ্রহ ও পুরো কার্যক্রম সমন্বয়ের দায়িত্ব দেওয়া হয় যুবরাজকে। তবে ঘটনার পর থেকে তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

তাবলিগ জামাতে গিয়ে হামলার পরিকল্পনায় নাম আসা মেজর জেনারেল (অব.) গোলাম মহিউদ্দিন চৌধুরীর সঙ্গে শাহরিয়ারের আগে থেকেই পরিচয় ছিল। এ মামলায় গ্রেপ্তার হওয়ার পর তিনিও জামিনে মুক্তি পেয়েছেন।

পরিকল্পনা অনুযায়ী, ওই রাতেই নিউগিনি প্রপার্টিজের আবাসন প্রকল্পে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায় একদল ব্যক্তি। এ সময় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্রাউন ফিস স্টুডিওতেও ভাঙচুর করা হয়। ঘটনায় প্রকল্পের পরিচালক মো. সাইফুল ইসলাম ভূইয়া বাদী হয়ে মামলা করেন।

তদন্ত-সংশ্লিষ্ট ব্যক্তিদের ভাষ্য, প্রকল্পসংলগ্ন ৩৫ কাঠা জমির মালিকানা ও চলাচলের রাস্তা নিয়ে বিরোধের জেরে হামলার পরিকল্পনা করা হয়। ওই জমিতে মেজর জেনারেল (অব.) গোলাম মহিউদ্দিন চৌধুরীরও মালিকানা রয়েছে। সংশ্লিষ্টদের সেখানে একটি কন্ডোমিনিয়াম নির্মাণের পরিকল্পনা ছিল।

কিন্তু জমি থেকে সরাসরি বের হওয়ার কোনো রাস্তা না থাকায় নিউগিনি প্রপার্টিজের প্রকল্পের মূল ফটক ভেঙে ভেতরের রাস্তা ব্যবহারের পরিকল্পনা করা হয়। এ উদ্দেশ্যে শাহরিয়ার মাহমুদকে হামলার দায়িত্ব দেওয়া হয়েছিল বলে তদন্তে উঠে এসেছে। বিনিময়ে তাকে নির্মাণাধীন ভবনের একটি ফ্ল্যাট উপহার, নগদ এক কোটি টাকা এবং ইট-বালু সরবরাহের কাজ দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়।

মামলার তদন্ত কর্মকর্তা ডিবির গুলশান বিভাগের পরিদর্শক জেহাদ হোসেন বলেন, হামলায় শতাধিক ব্যক্তি অংশ নিয়েছিলেন। তাঁদের অনেককে শনাক্ত করা হয়েছে। তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ছাড়া কিছু আলামত ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। পরীক্ষার প্রতিবেদন পাওয়া গেলে তদন্তে আরও তথ্য বেরিয়ে আসবে।

এদিকে, একই প্রকল্পে গত ৭ নভেম্বর দ্বিতীয় দফায় হামলা, ভাঙচুর, মারধর ও লুটপাটের ঘটনা ঘটে। ওই দিনই ১৪ জনকে গ্রেপ্তার করে পুলিশ। তবে ঘটনার ১৩ দিন পর, গত ২০ নভেম্বর ক্যান্টনমেন্ট থানায় মামলা করেন প্রকল্পের পরিচালক সাইফুল ইসলাম।

মামলায় ২০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও অন্তত ১৫০ জনকে আসামি করা হয়েছে। এজাহারভুক্ত আসামিরা হলেন মো. আবুল কাশেম, মো. ওয়াসিম, মো. বাবুল হোসেন, নূর আহাম্মেদ, মোস্তাফিজুর রহমান জুয়েল, মোহাম্মদ শাহিনুজ্জামান, তাজুল ইসলাম বাবু, রাশেদ আলী, মো. রনি, মো. মহিউদ্দিন, হোসাইন ফাহমিদ, মাসুদুর রহমান, আ. হালিম, মো. হাসান, সজিব, মো. আজাদুর ইসলাম, দুলাল হোসেন, নুর নাহার, কুলসুম ও শাহনাজ।

ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গিয়াস উদ্দিন বলেন, নাজিম উদ্দিনের সঙ্গে নুর মোহাম্মদের জমির মালিকানা নিয়ে বিরোধ রয়েছে। নুর মোহাম্মদ লোকজন নিয়ে প্রকল্পে গেলে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এ ঘটনায় মামলা নেওয়া হয়েছে। কিছু ব্যক্তিকে বাদ দিয়ে প্রকল্পের মালিক নাজিম উদ্দিনকে মামলা করার পরামর্শ দেওয়া হলেও তিনি মামলা করেননি।

পরপর দুই দফা হামলার ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছেন প্রকল্পের মালিক নাজিম উদ্দিন। তাঁর অভিযোগ, প্রকল্পে তৃতীয় দফায় হামলা চালানোর জন্য ৫০ লাখ টাকায় একটি সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে চুক্তি করা হয়েছে।

নাজিম উদ্দিন বলেন, ‘পরিস্থিতি ভালো না। তৃতীয় দফা হামলার জন্য ৫০ লাখ টাকায় সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে চুক্তি করেছে। আমি প্রতিনিয়ত আশঙ্কার মধ্যে আছি।’