ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ‘ইডাফস’ (EDAPHOS)-এর ৩১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে বিভাগের অধ্যাপক ড. মো. জাকির হোসেন খানকে আহ্বায়ক এবং অ্যালামনাই সদস্য মো. আসাদুজ্জামান রুবেলকে সদস্য সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থিত সেন্টার ফর অ্যাডভান্সড রিসার্চ ইন সায়েন্সেসের (CARS) ক্যাফেটেরিয়ায় সংগঠনটির কার্যনির্বাহী কমিটি ও সাধারণ সদস্যদের নিয়ে আয়োজিত সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে নতুন এ কমিটি গঠন করা হয়।
‘ইডাফস’ কার্যনির্বাহী কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. দিদার-উল-আলমের অনুমতিক্রমে সভাটি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্টা পরিষদের সদস্য ও জ্যেষ্ঠ অ্যালামনাই আকবর হোসেন। সভা পরিচালনা করেন কার্যনির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দিন চৌধুরী শিশির।
সভায় সিদ্ধান্ত হয়, নতুন আহ্বায়ক ও সদস্য সচিব আগামী তিন মাসের মধ্যে সংগঠনের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করবেন। এ সময় সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়েও বিস্তারিত আলোচনা করা হয়।
নতুন নেতৃত্বের মাধ্যমে বিভাগের বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের মধ্যে যোগাযোগ ও পারস্পরিক সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করেন সভায় অংশগ্রহণকারীরা। একই সঙ্গে শিক্ষার্থীদের কল্যাণে সংগঠনটি আরও কার্যকর ভূমিকা রাখবে এবং এর সামগ্রিক কার্যক্রমে গতি আসবে বলেও আশাবাদ ব্যক্ত করা হয়।



