tanaka
প্রচ্ছদআন্তর্জাতিক‘আমার চেয়ে সন্তানকেই বেশি ভালোবাসে’, ক্যারোলিনকে নিয়ে ট্রাম্পের রসিকতা

‘আমার চেয়ে সন্তানকেই বেশি ভালোবাসে’, ক্যারোলিনকে নিয়ে ট্রাম্পের রসিকতা

হোয়াইট হাউসের সাবেক প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিটের ভূয়সী প্রশংসা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দায়িত্ব পালনে তার দক্ষতার কথা তুলে ধরে ট্রাম্প বলেছেন, ক্যারোলিনের মতো যোগ্য কাউকে খুঁজে পাওয়া কঠিন। তবে সন্তানদের সময় দিতে হোয়াইট হাউসের দায়িত্ব ছেড়ে দেওয়ায় তাকে নিয়ে রসিকতাও করেছেন তিনি। ট্রাম্পের ভাষায়, ক্যারোলিন তাকে যতটা ভালোবাসেন, তার চেয়ে বেশি ভালোবাসেন নিজের সন্তানদের।

শনিবার (২১ নভেম্বর) ফক্স নিউজের ‘স্যাটারডে ইন আমেরিকা’ অনুষ্ঠানে উপস্থাপক কেইলি ম্যাকএনানির সঙ্গে আলাপকালে এসব কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট।

ক্যারোলিনের কর্মদক্ষতার প্রশংসা করে ট্রাম্প বলেন, ‘ক্যারোলিন অসাধারণ ছিল। সে একটা সমস্যা, বড় সমস্যা। আমি তাকে কথাটা বলেছিলাম।’

তার জায়গায় নতুন কাউকে নিয়োগ দেওয়ার প্রসঙ্গে ট্রাম্প বলেন, ক্যারোলিন এতটাই দক্ষ ছিলেন যে তার বিকল্প খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়েছে। তার কথার জাদুও ছিল অসাধারণ বলে মন্তব্য করেন তিনি।

এ সময় ফক্স নিউজের সঙ্গে ক্যারোলিনের নতুন সম্পৃক্ততার বিষয়টিও ইতিবাচকভাবে তুলে ধরেন ট্রাম্প। তার ধারণা, খুব শিগগিরই টেলিভিশনের পর্দায় নিয়মিত দেখা যাবে ক্যারোলিনকে। নিজের দক্ষতা ও জনপ্রিয়তার কারণে তিনি একজন তারকায় পরিণত হবেন বলেও মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট।

কথোপকথনের একপর্যায়ে রসিকতা করে ট্রাম্প বলেন, ‘সে আমাকে যতটা ভালোবাসে, তার চেয়ে বেশি ভালোবাসে নিজের সন্তানকে। এটা খুবই খারাপ! তবে সে দারুণ করছে। এখন সে ফক্সের সঙ্গে যুক্ত হয়েছে। সে তারকা হয়ে উঠবে।’

গত আগস্টে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন ক্যারোলিন লেভিট। কর্মজীবনের ব্যস্ততা ও মাতৃত্বের দায়িত্বের মধ্যে ভারসাম্য বজায় রাখার কঠিন বাস্তবতা থেকেই তিনি এমন সিদ্ধান্ত নেন।

২০২৬ সালের ১ মে দ্বিতীয় সন্তানের মা হন ক্যারোলিন। তার মেয়ের নাম ভিভিয়ানা। মাতৃত্বকালীন ছুটি শেষে কাজে ফিরলেও পরবর্তী সময়ে দুই ছোট সন্তানের জন্য আরও বেশি সময় দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি।

ক্যারোলিন জানিয়েছিলেন, হোয়াইট হাউসের মতো গুরুত্বপূর্ণ ও ব্যস্ত পদে দায়িত্ব পালনের পাশাপাশি সন্তানদের যথেষ্ট সময় ও মনোযোগ দেওয়া তার জন্য কঠিন হয়ে পড়ছিল। তাই পরিবারের প্রতি অগ্রাধিকার দিতেই দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নেন তিনি।

নিজের অভিজ্ঞতা তুলে ধরে সাবেক এই প্রেস সেক্রেটারি বলেছিলেন, দায়িত্ব পালনকালে সন্তানের জন্ম দেওয়া তার জীবনের ‘সবচেয়ে আনন্দময়, তবে একই সঙ্গে সবচেয়ে চ্যালেঞ্জিং সময়’ ছিল।

ক্যারোলিনের পদত্যাগের সিদ্ধান্তকে সে সময় সমর্থন জানিয়েছিলেন ট্রাম্পও। পরিবারের প্রতি দায়িত্বকে অগ্রাধিকার দেওয়ার বিষয়টি তিনি সম্মান করেন বলে জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট।

তথ্যসূত্র: এনডিটিভি