tanaka
প্রচ্ছদলাইফষ্টাইলবিনোদনএফডিসিতে শিল্পীদের অপমানের প্রতিবাদে ‘১৯ সংগঠন’ ছাড়লেন জয় চৌধুরী

এফডিসিতে শিল্পীদের অপমানের প্রতিবাদে ‘১৯ সংগঠন’ ছাড়লেন জয় চৌধুরী

এফডিসিতে চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্যদের লাঞ্ছিত করার ঘটনার যথাযথ বিচার না পাওয়ায় চলচ্চিত্রসংশ্লিষ্ট ১৯টি সংগঠনের সম্মিলিত প্ল্যাটফর্ম থেকে সরে দাঁড়িয়েছেন চিত্রনায়ক জয় চৌধুরী। সংগঠনটির মুখ্য সমন্বয়ক ও মুখপাত্রের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন তিনি। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন এই অভিনেতা।

পদত্যাগের কারণ ব্যাখ্যা করে জয় চৌধুরী বলেন, চলচ্চিত্র শিল্প ও শিল্পীদের স্বার্থ সংরক্ষণের লক্ষ্যেই ‘চলচ্চিত্র ১৯ সংগঠন’ গঠিত হয়েছে। সংগঠনটির আহ্বায়ক হেলাল খান শিল্পী সমিতির সদস্যদের অসম্মান করতে পারেন না বলে মনে করেন তিনি। শিল্পী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে এমন আচরণ মেনে নেওয়া সম্ভব নয়। এ কারণেই তিনি পদ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন।

নিজের দায়িত্ব পালনের অভিজ্ঞতা তুলে ধরে জয় চৌধুরী বলেন, ১৯ সংগঠনের মুখ্য সমন্বয়ক ও মুখপাত্র হিসেবে দায়িত্ব পাওয়ার পর নিজের সর্বোচ্চ শ্রম, মেধা ও অভিজ্ঞতা দিয়ে চলচ্চিত্রের মানুষের পাশে থাকার চেষ্টা করেছেন। কিন্তু সাম্প্রতিক ঘটনার পর শিল্পীদের সম্মান রক্ষায় নিজের ভূমিকা নিয়ে ব্যর্থতার উপলব্ধি হয়েছে। সেই দায় স্বীকার করেই তিনি দায়িত্ব থেকে অব্যাহতি ও পদত্যাগপত্র জমা দিয়েছেন।

এফডিসিতে ঘটে যাওয়া সাম্প্রতিক ঘটনার বর্ণনা দিয়ে তিনি বলেন, পরশুদিনের একটি ঘটনা চলচ্চিত্র অঙ্গনকে আবারও সমালোচনার মুখে ফেলেছে। হেলাল খানকে তিনি ব্যক্তিগতভাবে যথেষ্ট সম্মান করেন। তবে কেন তিনি এমন আচরণ করেছেন, তা তার জানা নেই। ইন্ডাস্ট্রির অভ্যন্তরীণ কোনো বিরোধ থাকলে নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব ছিল বলেও মন্তব্য করেন জয়।

তিনি আরও অভিযোগ করেন, হেলাল খানের লোকজন শিল্পী সমিতির সদস্যদের গালিগালাজ করেছেন, এফডিসি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়ার চেষ্টা করেছেন এবং শিল্পী সমিতি ভেঙে দেওয়ার হুমকি দিয়েছেন। একজন সাধারণ সম্পাদক হিসেবে এ ধরনের আচরণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না বলে জানান তিনি।

জয় চৌধুরী বলেন, চলচ্চিত্র অঙ্গনের অভ্যন্তরীণ সমস্যা নিজেদের উদ্যোগেই সমাধান করা সম্ভব। কিন্তু বাইরের কেউ এসে শিল্পীদের অপমান করবেন এবং সেই ঘটনার কোনো বিচার হবে না, তা তিনি মেনে নিতে পারেন না।

শিল্পীদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন এই অভিনেতা। তার ভাষ্য, যিনি শিল্পীদের অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করছেন, তার কাছেই যদি শিল্পীরা নিরাপদ না থাকেন, তাহলে সেখানে তার পক্ষে দায়িত্ব পালন করা কঠিন।

তিনি আরও জানান, শিল্পীরা তাকে প্রশ্ন করছেন, মুখপাত্র হিসেবে দায়িত্বে থাকার পরও কেন তাদের এমন অপমানের শিকার হতে হয়েছে। কিন্তু এ প্রশ্নের কোনো জবাব দিতে পারেননি তিনি।

জয় চৌধুরীর আশা, তার এই পদত্যাগের বার্তা প্রধানমন্ত্রীর কাছে পৌঁছাবে এবং চলচ্চিত্র শিল্পীদের সম্মান ও মর্যাদা রক্ষায় তিনি প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন।

তবে ১৯ সংগঠনের দায়িত্ব ছাড়লেও বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচিত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব চালিয়ে যাবেন বলে স্পষ্ট করেছেন জয় চৌধুরী।

তিনি বলেন, যতদিন তার শরীরে রক্ত থাকবে এবং দায়িত্বে থাকবেন, ততদিন শিল্পীদের কোনো ক্ষতি হতে দেবেন না। তাদের অধিকার ও মর্যাদা রক্ষায় প্রয়োজনে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেও লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন এই অভিনেতা।