ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় কৃষি উৎপাদন বাড়াতে রবি মৌসুমের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ২ হাজার ৪০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ করা হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) বেলা ১১টা ৩০ মিনিটে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানের ব্যানারে প্রধান অতিথি হিসেবে কসবা-আখাউড়া আসনের সংসদ সদস্য মুফিকুর রহমানের নাম থাকলেও তিনি উপস্থিত ছিলেন না। তার অনুপস্থিতিতে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ছামিউল ইসলাম। স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা আয়শা আক্তার।
কর্মসূচির আওতায় প্রত্যেক কৃষককে বিনামূল্যে ১ কেজি সরিষার বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার দেওয়া হয়।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কসবা, ব্রাহ্মণবাড়িয়ার উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতারা, সাংবাদিক এবং উপকারভোগী কৃষকরা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা জানান, ২০২৬-২৭ অর্থবছরের রবি মৌসুমে সরিষার আবাদ সম্প্রসারণ এবং উৎপাদন বাড়ানোর লক্ষ্যেই ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে এসব কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।



