দক্ষিণ আফ্রিকার মাটিতে শুরুটা হয়েছিল বাংলাদেশের জন্য কঠিন। কাগিসো রাবাদার বিধ্বংসী বোলিংয়ে একপর্যায়ে ১২১ রানেই ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে সফরকারীরা।
সেখান থেকে তাওহিদ হৃদয় ও লিটন দাসের দুর্দান্ত ব্যাটিংয়ে ঘুরে দাঁড়ানো। দুজনের ২০৬ রানের জুটিতে প্রথম দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ৩২৭ রান।
জোহানেসবার্গ টেস্টের প্রথম দিনে বাংলাদেশের এমন লড়াকু পারফরম্যান্স মুগ্ধ করেছে শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক দিমুথ করুণারত্নে ও ওয়েস্ট ইন্ডিজের জনপ্রিয় ধারাভাষ্যকার ইয়ান বিশপকে।
ফেসবুকে বাংলাদেশের প্রশংসা করে করুণারত্নে লিখেছেন, ‘গত কয়েক বছরে বাংলাদেশ দারুণ কিছু টেস্ট ক্রিকেট খেলেছে।
গতকাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১২১ রানে ৫ উইকেট হারানোর পর যেভাবে ঘুরে দাঁড়িয়ে ৩২৭ রানে পৌঁছেছে, তা অসাধারণ প্রত্যাবর্তন। এই পারফরম্যান্স তাদের ম্যাচে শক্ত অবস্থানে নিয়ে গেছে। বিশ্বের ১ নম্বর টেস্ট দলের বিপক্ষে তাদেরই মাটিতে বাংলাদেশ যেভাবে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে, তা দেখে আমি সত্যিই আনন্দিত। দারুণ মানসিকতা ও দৃঢ়সংকল্প!’
এদিকে বাংলাদেশের ব্যাটিংয়ের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী ইয়ান বিশপ।



