জলবায়ু সংকটের জন্য ঐতিহাসিকভাবে দায়ী উন্নত দেশগুলোকেই ক্ষতিগ্রস্ত উন্নয়নশীল দেশগুলোর জলবায়ু কার্যক্রমে অর্থায়নের দায়িত্ব নিতে হবে বলে দাবি জানিয়েছেন বৈশ্বিক দক্ষিণের নাগরিক সমাজের প্রতিনিধিরা। তাঁদের মতে, জলবায়ু অর্থায়নে শুধু প্রতিশ্রুতি নয়, বরং প্রয়োজন সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা, পর্যাপ্ত অর্থ ছাড় এবং কার্যকর জবাবদিহি।
শনিবার (১৪ নভেম্বর) তুরস্কের আনতালিয়ায় কপ-৩১ সম্মেলনস্থলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরেন তাঁরা। কোস্ট ফাউন্ডেশন বাংলাদেশ, ভারতের মৌসম ও লিডার্স বাংলাদেশ যৌথভাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, অভিযোজন অর্থায়ন তিন গুণ করার প্রস্তাব কপ-৩১-এর পৃথক আলোচ্যসূচিতে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হলেও দেশগুলোর মধ্যে ঐকমত্যের অভাবে তা সম্ভব হয়নি। তাই এ অঙ্গীকার বাস্তবায়নে সম্মেলন থেকেই পরিমাপযোগ্য লক্ষ্যমাত্রা নির্ধারণ, স্বচ্ছ অর্থায়ন ব্যবস্থা গড়ে তোলা এবং জবাবদিহির কার্যকর কাঠামো নিশ্চিত করতে হবে।
কোস্ট ফাউন্ডেশনের এমএ হাসান বলেন, প্যারিস চুক্তির ৯.১ অনুচ্ছেদ অনুযায়ী, উন্নয়নশীল দেশগুলোর জলবায়ু কার্যক্রমে অর্থায়ন করা উন্নত দেশগুলোর আন্তর্জাতিকভাবে স্বীকৃত বাধ্যবাধকতা। এটি কোনো দয়া বা স্বেচ্ছামূলক সহায়তা নয়। একই সঙ্গে বেসরকারি খাতের অর্থায়ন দিয়ে উন্নত দেশগুলোর এই দায়িত্বের বিকল্প তৈরি করা যাবে না।
ভারতের সৌম্য দত্ত বলেন, দক্ষিণ এশিয়ার দেশগুলো বন্যাসহ বিভিন্ন জলবায়ুজনিত দুর্যোগে প্রতিবছর কয়েক বিলিয়ন ডলারের ক্ষতির সম্মুখীন হচ্ছে। অথচ এ খাতে ঘোষিত অনুদান প্রয়োজনের তুলনায় অত্যন্ত নগণ্য। এ পরিস্থিতি মোকাবিলায় আঞ্চলিক সংহতি জোরদার এবং পর্যাপ্ত জলবায়ু অর্থায়ন নিশ্চিত করা জরুরি।
নেপালের প্রয়াস অধিকারী বলেন, জলবায়ু অর্থায়নের বিদ্যমান ব্যবস্থায় আবেদন, অনুমোদন ও অর্থ ছাড়ের জটিল প্রক্রিয়া ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। এ প্রক্রিয়া সহজ করার পাশাপাশি ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য সরাসরি অর্থায়নের ব্যবস্থা করতে হবে।
ভারতের অজয় কুমার জানান, এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে জলবায়ু অর্থায়নের ঘাটতি ৮২০ বিলিয়ন ডলারের বেশি। অথচ বৈশ্বিক জলবায়ু অর্থায়নের বড় অংশ পূর্ব এশিয়ায় কেন্দ্রীভূত থাকলেও দক্ষিণ এশিয়ার দেশগুলো পাচ্ছে তুলনামূলকভাবে সীমিত অর্থ।
শ্রীলঙ্কার থিলক কারিয়াওয়াসাম বলেন, জলবায়ু তহবিলের অর্থ শুধু বরাদ্দের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। তা যেন প্রান্তিক ও সবচেয়ে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর কাছে পৌঁছায়, সেটিও নিশ্চিত করতে হবে।
অন্যদিকে, লিডার্স বাংলাদেশের মোহন কুমার মণ্ডল জলবায়ু পরিবর্তনের কারণে বাস্তুচ্যুত মানুষের পুনর্বাসনে বিশেষায়িত অর্থায়নের দাবি জানান। একই সঙ্গে বাস্তুচ্যুত মানুষের মানবাধিকার, নিরাপত্তা ও মর্যাদা সুরক্ষার ওপর গুরুত্ব দেন তিনি।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ, ভারত, নেপাল ও শ্রীলঙ্কার নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নেন। বক্তারা জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি বাস্তবায়নে উন্নত দেশগুলোর রাজনৈতিক সদিচ্ছা, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার আহ্বান জানান।



