বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকা ‘দ্য মুসলিম ৫০০’-এর ২০২৭ সালের ১৮তম সংস্করণে স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। জর্ডানভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার (আরআইএসএসসি) সম্প্রতি ‘দ্য মুসলিম ৫০০: দ্য ওয়ার্ল্ডস ৫০০ মোস্ট ইনফ্লুয়েনশিয়াল মুসলিমস’ শিরোনামে এ তালিকা প্রকাশ করেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে নিরঙ্কুশ বিজয় অর্জন করে। এর মধ্য দিয়ে অন্তর্বর্তী সরকারের মেয়াদ শেষ হয় এবং প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তারেক রহমান।
নতুন সরকারপ্রধান হিসেবে বাংলাদেশের রাজনৈতিক ও প্রশাসনিক নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতিস্বরূপ প্রথমবারের মতো ‘দ্য মুসলিম ৫০০’ তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন তিনি। তালিকার ‘পলিটিক্যাল’ বা রাজনৈতিক ব্যক্তিত্ব বিভাগে তাঁর নাম স্থান পেয়েছে।
জর্ডানের রাজধানী আম্মানভিত্তিক আরআইএসএসসি প্রকাশিত এবারের সংস্করণে পাঁচজন বিশ্বনেতাকে যৌথভাবে প্রথম স্থানে রাখা হয়েছে। তাঁরা হলেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আলে সৌদ ও যুবরাজ মোহাম্মদ বিন সালমান, পাকিস্তানের প্রধানমন্ত্রী মিয়াঁ মুহাম্মদ শাহবাজ শরিফ ও দেশটির সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।
প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে আঞ্চলিক প্রতিরক্ষা সহযোগিতা এবং ক্রমবর্ধমান কৌশলগত সম্পর্কের বিষয়টি বিবেচনায় নিয়ে এই পাঁচ নেতাকে যৌথভাবে শীর্ষস্থান দেওয়া হয়েছে।
যৌথভাবে প্রথম স্থানে থাকা পাঁচ নেতার পর তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যিদ মোজতবা খামেনি। পঞ্চম স্থানে জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ এবং ষষ্ঠ স্থানে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলে সানি। এ ছাড়া পাকিস্তানের বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফতি মুহাম্মদ তাকি উসমানি সপ্তম এবং ইয়েমেনের প্রখ্যাত আলেম ও দারুল মুস্তফার প্রতিষ্ঠাতা হাবিব ওমর বিন হাফিজ অষ্টম স্থানে রয়েছেন।
তালিকার শীর্ষ ৫০ জনের মধ্যে আরও রয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম (১৩তম), ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো (১৬তম), নাহদাতুল উলামার চেয়ারম্যান ইয়াহইয়া চোলিল স্তাকুফ (২১তম) এবং ইন্দোনেশিয়ার আলেম হাবিব লুতফি বিন ইয়াহইয়া (৩১তম)।
এবারের তালিকায় ‘ম্যান অব দ্য ইয়ার’ নির্বাচিত হয়েছেন ফিলিস্তিনি শিশু চিকিৎসক ও উত্তর গাজার কামাল আদওয়ান হাসপাতালের পরিচালক ডা. হুসাম আবু সাফিয়া। সামগ্রিক তালিকায় তাঁর অবস্থান ৫০তম।
গাজায় ইসরায়েলি আগ্রাসনের মধ্যেও চিকিৎসাসেবা অব্যাহত রাখা এবং রোগীদের পাশে থাকার স্বীকৃতিস্বরূপ তাঁকে এ সম্মাননা দেওয়া হয়েছে। হাসপাতালে বারবার হামলা, চিকিৎসাসামগ্রীর তীব্র সংকট এবং নিজের সন্তানকে হারানোর মতো কঠিন পরিস্থিতির মধ্যেও তিনি দায়িত্ব পালন করে গেছেন।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ২০২৪ সালের ২৭ ডিসেম্বর ইসরায়েলি বাহিনী কামাল আদওয়ান হাসপাতালে অভিযান চালিয়ে তাঁকে আটক করে। তালিকা প্রকাশের সময় পর্যন্ত তিনি ইসরায়েলের হেফাজতে রয়েছেন।
অন্যদিকে, ‘ওম্যান অব দ্য ইয়ার’ নির্বাচিত হয়েছেন ইরানের মিনাব শহরের শাজারেহ তাইয়্যেবেহ প্রাথমিক বিদ্যালয়ে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে সংঘটিত হামলা থেকে বেঁচে যাওয়া শিক্ষার্থী ফাতেমেহ জাহরা শেখাবাদি। হামলায় নিহত সহপাঠী ও শিক্ষকদের স্মরণ এবং আন্তর্জাতিক অঙ্গনে ওই ঘটনার বিষয়ে সোচ্চার ভূমিকা রাখার স্বীকৃতিতে তাঁকে এ সম্মাননা দেওয়া হয়েছে। এ বিষয়ে তিনি জেনেভায় জাতিসংঘের মানবাধিকার পরিষদেও বক্তব্য দিয়েছেন।
২০২৭ সালের তালিকায় ভারতের বেশ কয়েকজন প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্বও স্থান পেয়েছেন। তাঁদের মধ্যে রয়েছেন দারুল হুদা ইসলামিক ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা উপাচার্য ড. বাহাউদ্দিন মুহাম্মদ জামালুদ্দিন নদভী। ইসলামী শিক্ষা, গবেষণা এবং পবিত্র কোরআনের মালয়ালম অনুবাদ ও তাফসিরে অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে ‘স্কলারলি’ বা পাণ্ডিত্যপূর্ণ বিভাগে অন্তর্ভুক্ত করা হয়েছে।
এ ছাড়া ভারত থেকে তালিকায় রয়েছেন শেখ আবুবকর আহমদ, সৈয়দ ইব্রাহিমুল খলিল আল-বুখারি, জমিয়ত নেতা মাওলানা সাইয়েদ মাহমুদ মাদানি, মাওলানা সাইয়েদ আরশাদ মাদানি, মাওলানা সাদ কান্ধলভি, দারুল উলুম দেওবন্দের মুহতামিম মুফতি আবুল কাসিম নোমানি এবং ডা. জাকির নায়েক।
‘দ্য মুসলিম ৫০০’ তালিকায় প্রভাবশালী বলতে এমন ব্যক্তিদের বোঝানো হয়েছে, যাঁরা ধর্মীয় জ্ঞানচর্চা, রাজনৈতিক নেতৃত্ব, সামাজিক কর্মকাণ্ড, সংস্কৃতি কিংবা অর্থনৈতিক কার্যক্রমের মাধ্যমে মুসলিম বিশ্বে উল্লেখযোগ্য প্রভাব বিস্তার করতে সক্ষম। বিশেষজ্ঞদের মূল্যায়ন, জনসাধারণের মনোনয়ন এবং বিভিন্ন সামাজিক সূচক বিবেচনায় নিয়ে এ তালিকা তৈরি করা হয়। এতে এক বছরের অর্জনের চেয়ে ব্যক্তির সামগ্রিক জীবনের অবদানকে বেশি গুরুত্ব দেওয়া হয়। তবে তালিকায় কারও অন্তর্ভুক্তি তাঁর মতাদর্শ বা কর্মকাণ্ডের প্রতি প্রকাশকদের সমর্থনের প্রতিফলন নয়।
প্রকাশনাটিতে বিশ্বের মুসলিম জনসংখ্যা আনুমানিক ২২০ কোটি বলে উল্লেখ করা হয়েছে। এতে প্রথম ৫০ জনকে ক্রমানুসারে স্থান দেওয়া হয়েছে। বাকি ৪৫০ জনকে ইসলামী জ্ঞানচর্চা, রাজনীতি, ধর্মীয় প্রশাসন, দাওয়াত, দাতব্য কার্যক্রম, ব্যবসা, বিজ্ঞান ও প্রযুক্তি, শিল্প-সংস্কৃতি, গণমাধ্যম ও খেলাধুলাসহ ১৩টি বিভাগে ভাগ করা হয়েছে।
এ ছাড়া এবারের সংস্করণে গাজা ও পশ্চিম তীরের পরিস্থিতি এবং সমসাময়িক মুসলিম বিশ্বের নানা চ্যালেঞ্জ নিয়ে বিশেষজ্ঞদের গুরুত্বপূর্ণ নিবন্ধও প্রকাশ করা হয়েছে।



