tanaka
প্রচ্ছদজাতীয়হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্তের লক্ষণ ১ হাজার...

হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্তের লক্ষণ ১ হাজার ৮৪ জনের

দেশে হামের সংক্রমণ পরিস্থিতি উদ্বেগজনক অবস্থায় রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৮৪ জনের শরীরে এ রোগের উপসর্গ দেখা গেছে। তাঁদের মধ্যে পরীক্ষার মাধ্যমে ৮৩ জনের হাম শনাক্ত হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হামবিষয়ক সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে শনাক্ত হয়েছেন ২ লাখ ৪৬ হাজার ৬৪৬ জন। তাঁদের মধ্যে পরীক্ষায় ২৫ হাজার ১১১ জনের শরীরে হাম নিশ্চিত হয়েছে। এ সময়ে হামের উপসর্গ নিয়ে মোট ১ হাজার ২০১ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে পরীক্ষায় নিশ্চিত হাম আক্রান্ত ছিলেন ১০৫ জন।

গত ২৪ ঘণ্টায় বিভাগভিত্তিক পরিসংখ্যানে সবচেয়ে বেশি সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছেন ঢাকা বিভাগে। এ বিভাগে নতুন রোগীর সংখ্যা ৪৫২ জন। এ ছাড়া চট্টগ্রামে ২০৮ জন, সিলেটে ১৩৬ জন, বরিশালে ১০০ জন, খুলনায় ৭১ জন, ময়মনসিংহে ৫৭ জন, রংপুরে ৩১ জন এবং রাজশাহীতে ২৯ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ২০ হাজার ২৪৭ জন। তাঁদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ লাখ ১১ হাজার ৩০৩ জন।