যুদ্ধের উত্তেজনার মধ্যেই নতুন একটি ভূগর্ভস্থ ‘ক্ষেপণাস্ত্র নগরী’ উন্মোচনের ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। বিশাল এই ভূগর্ভস্থ স্থাপনায় ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্রের পাশাপাশি সেগুলো উৎক্ষেপণের ব্যবস্থাও প্রদর্শন করা হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) আইআরজিসি-সংশ্লিষ্ট সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি নতুন এই ক্ষেপণাস্ত্র নগরীর কয়েকটি ছবি প্রকাশ করে।
আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের ‘অ্যারোস্পেস সপ্তাহ’ উপলক্ষে আয়োজিত প্রদর্শনীতে উপস্থিত ছিলেন ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল আলী আবদোল্লাহি এবং আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ মুসাভি।
তাসনিমের প্রতিবেদনে বলা হয়, ভূগর্ভস্থ স্থাপনাটিতে বিভিন্ন ধরনের ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং সেগুলো উৎক্ষেপণের সরঞ্জাম রয়েছে। তবে স্থাপনাটির সুনির্দিষ্ট অবস্থান, আয়তন, ক্ষেপণাস্ত্রের সংখ্যা ও ধরন সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। এর সক্ষমতা সম্পর্কেও স্বাধীনভাবে যাচাই করা কোনো তথ্য পাওয়া যায়নি।
এর আগে আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন মোহেব্বি জানিয়েছিলেন, অ্যারোস্পেস সপ্তাহে নতুন ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র নগরীসহ ইরানের সামরিক সক্ষমতার বিভিন্ন দিক তুলে ধরা হবে।
ইরানের সামরিক কৌশলে ক্ষেপণাস্ত্রভান্ডার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ২০২২ সালে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের এক মূল্যায়নে দেশটির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সংখ্যা তিন হাজারের বেশি বলে উল্লেখ করা হয়েছিল। তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ধারাবাহিক হামলার পর ইরানের বর্তমান ক্ষেপণাস্ত্র মজুত নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। সাম্প্রতিক বিভিন্ন মূল্যায়নে দেশটির ক্ষেপণাস্ত্রের সংখ্যা দুই হাজারের নিচে নেমে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে আইআরজিসির মুখপাত্র মোহেব্বি দাবি করেছেন, ক্ষেপণাস্ত্র ও ড্রোন তৈরির উৎপাদন লাইনগুলো ভূগর্ভস্থ স্থাপনায় স্থানান্তর করা হয়েছে। তাঁর ভাষ্য অনুযায়ী, এসব স্থাপনা কেবল অস্ত্র সংরক্ষণের জন্য নয়, বরং ক্ষেপণাস্ত্র উৎপাদনেরও কেন্দ্র। এ কারণে এগুলোকে ‘ক্ষেপণাস্ত্র উৎপাদন নগরী’ হিসেবে অভিহিত করেছেন তিনি। তবে এ দাবির স্বাধীন সত্যতা নিশ্চিত করা সম্ভব হয়নি।
অন্যদিকে আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ মুসাভি বলেছেন, প্রয়োজন হলে ইরান আঞ্চলিক সীমার বাইরেও শত্রুপক্ষের স্থাপনায় হামলা চালাতে সক্ষম।
বিশ্লেষকদের দৃষ্টিতে, নতুন ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র নগরী উন্মোচনের ঘোষণা ইরানের সামরিক সক্ষমতা প্রদর্শন এবং ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎপাদনব্যবস্থার সুরক্ষার প্রচেষ্টার অংশ। বিশেষ করে সাম্প্রতিক সামরিক হামলার পর ভূগর্ভস্থ স্থাপনার ওপর গুরুত্বারোপের মাধ্যমে নিজেদের প্রতিরক্ষা ও পাল্টা আঘাত হানার সক্ষমতা সম্পর্কে বার্তা দিতে চাইছে তেহরান।
সূত্র: গালফ নিউজ, তাসনিম নিউজ এজেন্সি



