tanaka
প্রচ্ছদরাজনীতিসারের ডিলার নিয়োগ নিয়ে সংসদে উত্তেজনা, বিরোধীদের হট্টগোল

সারের ডিলার নিয়োগ নিয়ে সংসদে উত্তেজনা, বিরোধীদের হট্টগোল

সারের ডিলার নিয়োগে দলীয়করণ, স্বজনপ্রীতি ও অনিয়মের অভিযোগ ঘিরে জাতীয় সংসদে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিরোধী দলের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর তোলা অভিযোগের জবাবে কৃষিমন্ত্রী আমিন উর রশিদের বক্তব্যে অসন্তোষ প্রকাশ করেন বিরোধী সদস্যরা। এ নিয়ে সংসদে দফায় দফায় হট্টগোল ও পাল্টাপাল্টি উচ্চবাচ্য হয়। পরে ডেপুটি স্পিকারের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

বুধবার (১১ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য মো. নুরুল আমীনের লিখিত প্রশ্নের পরিপূরক প্রশ্ন করতে গিয়ে সারের ডিলার নিয়োগ নিয়ে অনিয়মের অভিযোগ তোলেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেন, সারের ডিলার নিয়োগে ব্যাপক দলীয়করণ ও স্বজনপ্রীতি হয়েছে। ২৮ জন ডিলারের সবাই বিএনপির সঙ্গে সংশ্লিষ্ট বলে দাবি করে তিনি বলেন, তাঁদের মধ্যে ১০ জন রাজনৈতিক নেতাদের স্ত্রী, সন্তান ও ভাগনি। নাটোরে এক ছাত্রদল নেতাকে এক সংসদ সদস্যের সন্তানের হাতে কুপিয়ে হত্যার ঘটনার প্রসঙ্গ টেনে তিনি দাবি করেন, ওই সংসদ সদস্যের সন্তানও সারের ডিলারশিপ পেয়েছেন।

তিনি আরও বলেন, সারা দেশে সারের ডিলার নিয়োগে নজিরবিহীন দুর্নীতি হয়েছে। সংরক্ষিত আসনের কোনো কোনো সংসদ সদস্য অর্থের বিনিময়ে ডিও দিয়েছেন। ১৫টি ইউনিয়নের বিপরীতে কেউ কেউ ৩০টি পর্যন্ত ডিও দিয়েছেন। সংসদ সদস্যদের স্ত্রী, ছেলে ও আত্মীয়স্বজনের পাশাপাশি আওয়ামী লীগ সরকারের আমলে সার ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিদেরও পুনরায় ডিলারশিপ পাওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

ডিলার নিয়োগের পুরো প্রক্রিয়া সুপরিকল্পিত ছিল কি না এবং বিতর্কিত নিয়োগগুলো পুনরায় পর্যালোচনা করা হবে কি না, কৃষিমন্ত্রীর কাছে তা জানতে চান হাসনাত আবদুল্লাহ।

জবাবে কৃষিমন্ত্রী আমিন উর রশিদ বলেন, সংসদ সদস্যের প্রশ্নে সারের ডিলার নিয়োগ নিয়ে ‘উৎসব’ করার কথা বলা হয়েছে। তাঁর ভাষ্য, তাঁরা চান মানুষ উৎসবের মতো করে ডিলার নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিক। ‘উৎসব’ শব্দটি তিনি ইতিবাচক অর্থে ব্যবহার করেছেন উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘উৎসবকে আমি ভালো অর্থে বুঝি। উৎসব খারাপ অর্থে যদি চিন্তা করেন…।’

মন্ত্রীর এই বক্তব্যের পরপরই বিরোধী দলের সদস্যরা প্রতিবাদ ও হৈচৈ শুরু করেন। হট্টগোলের মধ্যেই কৃষিমন্ত্রী ডিলার নিয়োগের প্রক্রিয়া ব্যাখ্যা করেন। তিনি জানান, এ জন্য উপজেলা ও জেলা পর্যায়ে দুটি কমিটি গঠন করা হয়েছে। উপজেলা পর্যায়ের কমিটির নেতৃত্বে রয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং জেলা পর্যায়ের কমিটির নেতৃত্বে জেলা প্রশাসক (ডিসি)।

মন্ত্রী বলেন, ডিলার নিয়োগের জন্য আবেদন আহ্বান করা হয়েছিল। নির্ধারিত নিয়ম ও বিধিবিধান অনুসরণ করে আবেদন যাচাই-বাছাইয়ের জন্য মন্ত্রণালয় থেকে উপজেলা ও জেলা পর্যায়ে নির্দেশনা দেওয়া হয়। প্রথমে আবেদন জমা পড়ে জেলা প্রশাসকের কার্যালয়ে। পরে সেগুলো ইউএনওর কাছে পাঠানো হয়। উপজেলা কৃষি কর্মকর্তা, সংশ্লিষ্ট ব্লকের কৃষি কর্মকর্তা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সমন্বয়ে গঠিত কমিটি আবেদনগুলো যাচাই-বাছাই করে।

এ পর্যায়েও বিরোধী দলের সদস্যদের হট্টগোল অব্যাহত থাকে। পরিস্থিতি সামাল দিতে ডেপুটি স্পিকার বিরোধী দলের চিফ হুইপকে উদ্দেশ করে বলেন, সংসদ সদস্যদের যেমন প্রশ্ন ও বক্তব্য দেওয়ার অধিকার রয়েছে, তেমনি মন্ত্রীরও জবাব দেওয়ার অধিকার রয়েছে। বিরোধীদলীয় নেতা অনুপস্থিত থাকায় সংসদ সদস্যদের শৃঙ্খলার মধ্যে রাখার দায়িত্ব চিফ হুইপের বলেও মন্তব্য করেন তিনি।

পরে কৃষিমন্ত্রী জানান, উপজেলা পর্যায়ে যাচাই-বাছাই শেষে আবেদনগুলো জেলা পর্যায়ের কমিটিতে পাঠানো হয়। ওই কমিটিতে সংশ্লিষ্ট এলাকার সংসদ সদস্য উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। জেলা পর্যায়ের কমিটির সব সদস্যের স্বাক্ষরসহ ডিলার নিয়োগের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

মন্ত্রীর বক্তব্য শেষ হওয়ার পরও সংসদে উত্তেজনা পুরোপুরি কাটেনি। এ সময় বিরোধী দলের সদস্যদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে ডেপুটি স্পিকার বলেন, ‘এভাবে হইচই করে নিজেদের পাঠশালার ছাত্রছাত্রী বানাবো কেন? প্লিজ ধৈর্যের সঙ্গে বসেন, উনার উত্তর শুনেন।’

পরে ডেপুটি স্পিকারের হস্তক্ষেপে সংসদে পরিস্থিতি শান্ত হয়।