tanaka
প্রচ্ছদআন্তর্জাতিকনেতানিয়াহুর একগুচ্ছ আইন বাতিল করতে যাচ্ছে আইজেনকোট

নেতানিয়াহুর একগুচ্ছ আইন বাতিল করতে যাচ্ছে আইজেনকোট

ইসরাইলের ২৬তম পার্লামেন্টের (নেসেট) প্রথম অধিবেশনেই রাজনৈতিক অঙ্গনে চমক দেখিয়েছে বিরোধী জোট। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের নেওয়া একাধিক বিতর্কিত সিদ্ধান্ত ও আইন বাতিলের উদ্যোগ নিয়েছে গাদি আইজেনকোটের নেতৃত্বাধীন জোট। প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে বিচার বিভাগ সংস্কারের আওতায় পাস হওয়া আইন বাতিল, প্রধানমন্ত্রীর মেয়াদ নির্ধারণ এবং ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার ঘটনা তদন্তে রাষ্ট্রীয় কমিশন গঠন।

টাইমস অব ইসরাইলের প্রতিবেদনে বলা হয়েছে, এসব উদ্যোগ বাস্তবায়নে বিরোধী জোটের শরিক দলগুলো একাধিক বিল জমা দিয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) ২৬তম নেসেটের প্রথম অধিবেশনেই এসব বিল উত্থাপন করা হয়।

আইজেনকোটের দল ইয়াশার এবং ইয়াইর গোলানের নেতৃত্বাধীন ডেমোক্র্যাটস পার্টি জানিয়েছে, নেতানিয়াহু সরকারের আমলে পাস হওয়া বেশ কয়েকটি বিতর্কিত আইন বাতিলের প্রস্তাব দিয়েছে তারা। এর মধ্যে রয়েছে অ্যাটর্নি জেনারেলের ক্ষমতা খর্ব করা, বিচারক নিয়োগ কমিটির কাঠামো পরিবর্তন এবং যোগাযোগমন্ত্রী শ্লোমো কারহির প্রস্তাবিত গণমাধ্যম সংস্কার আইন।

প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনে অক্ষমতা ঘোষণার বিধানসংক্রান্ত আইনে আগের সরকারের আনা সংশোধনী বাতিলের প্রস্তাব দিয়েছে ইয়াশার। অন্যদিকে, ফৌজদারি অভিযোগের মুখে থাকা ব্যক্তিদের সরকারি পদে দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব করেছে ডেমোক্র্যাটস পার্টি।

এ ছাড়া পুলিশের অভ্যন্তরীণ তদন্ত বিভাগের নিয়ন্ত্রণ আইনমন্ত্রীর হাতে দেওয়ার প্রস্তাবও জমা দিয়েছে ইয়াশার। ডেমোক্র্যাটস পার্টির অন্যান্য প্রস্তাবের মধ্যে রয়েছে ইহুদিদের সাপ্তাহিক ধর্মীয় ছুটির দিন শনিবার (শাবাত) গণপরিবহন চালু, বেসামরিক বিয়ের অনুমতি, অতি-রক্ষণশীল ইহুদি সম্প্রদায়ের (হারেদি) শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অবস্থান নিয়ন্ত্রণ, মৌলিক আইনে সমতার অধিকার অন্তর্ভুক্ত করা এবং এলজিবিটিকিউ জনগোষ্ঠীর অধিকার সম্প্রসারণ।

৭ অক্টোবরের হামলা তদন্তেও কমিশন গঠনের উদ্যোগ

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার ঘটনায় নিরাপত্তা ও গোয়েন্দা ব্যর্থতা তদন্তে রাষ্ট্রীয় কমিশন গঠনের বিরোধিতা করে আসছেন নেতানিয়াহু। তার আশঙ্কা, সুপ্রিম কোর্টের নিয়োগ দেওয়া স্বাধীন তদন্ত কমিশন সরকারের প্রতি পক্ষপাতদুষ্ট হতে পারে।

তবে বিরোধী দলগুলোর অভিযোগ, ওই হামলার ঘটনায় নিজেদের দায় এড়াতেই তদন্ত কমিশন গঠনের পথে বাধা সৃষ্টি করছেন নেতানিয়াহু। ক্ষমতায় গেলে রাষ্ট্রীয় তদন্ত কমিশন গঠন করা হবে—এটি বিরোধী জোটের অন্যতম নির্বাচনি প্রতিশ্রুতি।

বিচার বিভাগ সংস্কারের আইনও বাতিলের লক্ষ্য

বিরোধী জোটের জমা দেওয়া বিলগুলোর বড় অংশই আগের সরকারের বিচার বিভাগ ও আইন প্রয়োগকারী সংস্থার ওপর নিয়ন্ত্রণ বাড়ানোর উদ্যোগের আওতায় পাস হওয়া আইন বাতিলের লক্ষ্যে নেওয়া হয়েছে। এসব সংস্কার উদ্যোগের বিরুদ্ধে ইসরাইলে অতীতে ব্যাপক বিক্ষোভ হয়েছিল।

সংস্কারের সমালোচকদের দাবি, এসব পরিবর্তনের ফলে দেশটির গণতান্ত্রিক ব্যবস্থা ও রাষ্ট্রীয় ক্ষমতার ভারসাম্য ক্ষতিগ্রস্ত হচ্ছে। তবে সমর্থকদের যুক্তি, বিচার বিভাগের ক্ষমতার অপব্যবহার রোধ এবং সরকারের কার্যকর সিদ্ধান্ত গ্রহণ নিশ্চিত করতে এ ধরনের সংস্কার প্রয়োজন।

অ্যাটর্নি জেনারেলের ক্ষমতা সীমিত করার আইনটি ২০২৭ সালের জানুয়ারি থেকে কার্যকর হওয়ার কথা। এর ফলে মন্ত্রীরা অ্যাটর্নি জেনারেলের বাধ্যতামূলক আইনি মতামত প্রত্যাখ্যান করার সুযোগ পাবেন। একই সঙ্গে অ্যাটর্নি জেনারেল নিয়োগ ও বরখাস্তের ক্ষেত্রে সরকারের নিয়ন্ত্রণও বাড়বে।

অন্যদিকে, বিচারক নিয়োগ কমিটির কাঠামো পরিবর্তনের মাধ্যমে আইনজীবী সমিতির দুই প্রতিনিধির পরিবর্তে সরকার ও বিরোধী দলের মনোনীত আইনজীবীদের অন্তর্ভুক্ত করার বিধান করা হয়েছে। নিম্ন আদালতের বিচারক নিয়োগের ক্ষেত্রেও সরকার, বিরোধী দল ও বিচার বিভাগের প্রতিনিধিদের ভেটো দেওয়ার ক্ষমতা রাখা হয়েছে।

এ ছাড়া প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনে অক্ষমতা ঘোষণাসংক্রান্ত বিতর্কিত আইনের কার্যকারিতা ২০২৪ সালে পরবর্তী নির্বাচন পর্যন্ত স্থগিত করেছিলেন সুপ্রিম কোর্ট। আদালতের পর্যবেক্ষণে বলা হয়েছিল, আইনটি নেতানিয়াহুকে ব্যক্তিগতভাবে সুবিধা দেওয়ার উদ্দেশ্যে পাস করা হয়েছিল।

নতুন পার্লামেন্টের প্রথম অধিবেশনেই এসব বিল জমা দেওয়ার মধ্য দিয়ে নেতানিয়াহু সরকারের বিতর্কিত নীতিগুলো পরিবর্তনের বিষয়ে বিরোধী জোটের অবস্থান স্পষ্ট হয়েছে। তবে প্রস্তাবগুলো আইনে পরিণত করতে নেসেটে প্রয়োজনীয় সমর্থন অর্জন করতে হবে।