tanaka
প্রচ্ছদরাজধানীরাজধানীর চার এলাকায় রাতে ককটেল বিস্ফোরণ

রাজধানীর চার এলাকায় রাতে ককটেল বিস্ফোরণ

রাজধানী ঢাকার চারটি গুরুত্বপূর্ণ এলাকায় মঙ্গলবার রাতে পৃথকভাবে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মহাখালী, আদাবর, তেজগাঁও শিল্পাঞ্চল ও আসাদগেট এলাকায় এসব বিস্ফোরণের তথ্য জানিয়েছে পুলিশ। একই রাতে শ্যামলীতে একটি বাসে অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে।

পুলিশের তথ্য অনুযায়ী, মঙ্গলবার (১০ নভেম্বর) রাত সোয়া ৮টার দিকে জাতীয় সংসদ ভবনের ১ নম্বর গেটসংলগ্ন আসাদগেট এলাকার মেসার্স তালুকদার ফিলিং স্টেশনের সামনে প্রথম বিস্ফোরণের ঘটনা ঘটে। এরপর রাত ১০টার দিকে আদাবরের শেখেরটেক এলাকায় এবং রাত ১১টার দিকে মহাখালী বাসস্ট্যান্ড ও তেজগাঁও শিল্পাঞ্চল থানার এসআর এন্টারপ্রাইজ ফিলিং স্টেশনের সামনে ককটেল বিস্ফোরিত হয়।

শেরেবাংলা নগর থানা পুলিশ এক বার্তায় জানায়, রাত সোয়া ৮টার দিকে মোটরসাইকেলে এসে অজ্ঞাতপরিচয় দুই ব্যক্তি আসাদগেটের মেসার্স তালুকদার ফিলিং স্টেশনের সামনে একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। কাউকে আটকও করা সম্ভব হয়নি।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন বলেন, রাত ১১টার কিছু আগে মহাখালী বাসস্ট্যান্ডে কয়েকজন ব্যক্তি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যান। এ ঘটনায় কেউ আহত হননি।

পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান জানান, রাত ১০টার দিকে আদাবরের শেখেরটেকের ৯ নম্বর সড়কে ওয়ালটন প্লাজার সামনে একটি হাতবোমার বিস্ফোরণ ঘটে। পরে রাত সাড়ে ১১টার দিকে তেজগাঁও শিল্পাঞ্চল থানার এসআর এন্টারপ্রাইজ ফিলিং স্টেশনের সামনেও অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা একটি হাতবোমা বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যান।

এদিকে, একই রাতে সোয়া ৯টার দিকে শেরেবাংলা নগর থানাধীন শ্যামলীতে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সামনে ঠিকানা পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

পৃথক এসব ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।