tanaka
প্রচ্ছদজাতীয়রাজনৈতিক হয়রানির ২৪ হাজার ১৩টি মামলা প্রত্যাহারের উদ্যোগ: সংসদে আইনমন্ত্রী

রাজনৈতিক হয়রানির ২৪ হাজার ১৩টি মামলা প্রত্যাহারের উদ্যোগ: সংসদে আইনমন্ত্রী

বিগত সরকারের আমলে রাজনৈতিক উদ্দেশ্যে দায়ের করা হয়রানিমূলক ২৪ হাজার ১৩টি মামলা প্রত্যাহারের উদ্যোগ নিয়েছে সরকার। এসব মামলা দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে ইতোমধ্যে কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. কেরামত আলীর এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।

প্রশ্নে মো. কেরামত আলী জানতে চান, বিগত সরকারের আমলে সারাদেশে দায়ের করা বিভিন্ন মিথ্যা ও রাজনৈতিক মামলা এখনো নিষ্পত্তি না হওয়ায় হাজারো মানুষ হয়রানি ও ভোগান্তির শিকার হচ্ছেন। এসব মামলা নিষ্পত্তিতে বিলম্বের কারণ কী, কবে নাগাদ এগুলোর নিষ্পত্তি হবে এবং এ বিষয়ে সরকারের কোনো সুনির্দিষ্ট রোডম্যাপ রয়েছে কি না।

জবাবে আইনমন্ত্রী বলেন, রাজনৈতিক কারণে দায়ের করা হয়রানিমূলক মামলাগুলো প্রত্যাহারের কার্যক্রম অন্তর্বর্তী সরকারের সময়েই শুরু হয়েছিল। বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর এ প্রক্রিয়া আরও গতিশীল ও কার্যকর করতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।

মন্ত্রী জানান, গত ৫ মার্চ জেলা পর্যায়ে জেলা ম্যাজিস্ট্রেটের সভাপতিত্বে চার সদস্যের কমিটি গঠন করা হয়। এসব কমিটি মামলা প্রত্যাহারের আবেদন, এজাহার, প্রযোজ্য ক্ষেত্রে মামলার সার্টিফায়েড কপি এবং পাবলিক প্রসিকিউটরের (পিপি) মতামত পর্যালোচনা করে।

কোনো মামলা প্রকৃতপক্ষে হয়রানির উদ্দেশ্যে দায়ের করা হয়েছে কি না, জনস্বার্থে সেটি পরিচালনা করা প্রয়োজন কি না এবং মামলা চলমান থাকলে রাষ্ট্রের স্বার্থ ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা রয়েছে কি না—এসব বিষয় বিবেচনায় নিয়ে জেলা কমিটিগুলো মামলা প্রত্যাহারের সুপারিশ করে।

জেলা পর্যায়ের কমিটিগুলোর সুপারিশ কেন্দ্রীয়ভাবে যাচাই-বাছাই এবং মামলা প্রত্যাহারের প্রক্রিয়া সমন্বয়ের জন্য গত ৮ মার্চ আইনমন্ত্রীকে আহ্বায়ক করে ছয় সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটিও গঠন করা হয়েছে।

আইনমন্ত্রী আরও জানান, রাজনৈতিক উদ্দেশ্যে ও হয়রানির জন্য দায়ের করা মোট ২৪ হাজার ১৩টি মামলা প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হয়েছে। জেলা কমিটির সুপারিশ এবং কেন্দ্রীয় কমিটির পর্যালোচনায় যেসব আবেদন যৌক্তিক বলে বিবেচিত হবে, সেসব মামলা প্রত্যাহারে সরকার পর্যায়ক্রমে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেবে।