রাজশাহী নগরীর একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে বুলবুল হোসেন (৪০) নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিস। সোমবার (৯ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে নগরীর লক্ষ্মীপুর এলাকার আল নূর গেস্ট হাউস আবাসিক-২-এর একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
হোটেল কর্তৃপক্ষের বরাতে পুলিশ জানায়, বুলবুল হোসেনের বাড়ি রাজশাহীর মোহনপুর উপজেলায়। সোমবার সন্ধ্যা থেকে তার কক্ষের সামনে গিয়ে ডাকাডাকি করেও কোনো সাড়া পাচ্ছিলেন না হোটেলের কর্মীরা। পরে বিষয়টি পুলিশ ও ফায়ার সার্ভিসকে জানানো হয়।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে হোটেলকক্ষের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। এ সময় বিছানার ওপর বুলবুলের নিথর দেহ পড়ে থাকতে দেখেন তারা। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।
রাজপাড়া থানার উপপরিদর্শক (এসআই) সাজ্জাদ হোসেন জানান, বুলবুল পেশায় একজন ব্যবসায়ী ছিলেন। ব্যবসায়িক কাজে রাজশাহী নগরীতে এসে তিনি মাঝেমধ্যে ওই হোটেলে অবস্থান করতেন। প্রাথমিকভাবে অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে মরদেহের ময়নাতদন্ত করা হয়েছে।
এসআই আরও জানান, খবর পেয়ে নিহতের পরিবারের সদস্যরা এসেছেন। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হবে।



