ককটেল বিস্ফোরণ, বাসে অগ্নিসংযোগ ও টায়ারে আগুন দেওয়ার ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে মানিকগঞ্জ। সোমবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে দফায় দফায় এসব নাশকতামূলক ঘটনা ঘটে। জেলা প্রশাসকের কার্যালয় থেকে পুলিশ সুপারের বাসভবন, পুলিশ ফাঁড়ি ও রাজনৈতিক কার্যালয়—বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনাও হামলার লক্ষ্যবস্তু হয়। এ সময় বাসস্ট্যান্ডে পার্কিং করে রাখা একটি মিনিবাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এসব ঘটনায় জড়িত সন্দেহে রাতভর অভিযান চালিয়ে ১০ জনকে আটক করেছে পুলিশ।
সোমবার (৯ নভেম্বর) দিনগত রাত সাড়ে ১২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় পুলিশ বক্সের সামনে পার্কিং করে রাখা একটি মিনিবাসে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সালাউদ্দিন বলেন, বাসে আগুন দেওয়ার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এর আগে সন্ধ্যার পর থেকেই জেলার বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে, মানিকগঞ্জ বাসস্ট্যান্ড, বিভিন্ন রাজনৈতিক কার্যালয়, পুলিশ সুপারের বাসভবন, পাটুরিয়া পুলিশ ফাঁড়ি ও ঘিওর বাসস্ট্যান্ডের সামনে বিস্ফোরণ ঘটানো হয়। পাশাপাশি কয়েকটি স্থানে টায়ারে আগুন দেওয়ার ঘটনাও ঘটে। ধারাবাহিক এসব ঘটনায় রাতভর সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়ে।
ঘটনাগুলোর পর নাশকতায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে অভিযান শুরু করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রাতভর জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সন্দেহভাজন ১০ জনকে আটক করা হয়। তাদের মধ্যে সদর থানা পুলিশ ছয়জন, জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) দুজন, সিংগাইর থানা পুলিশ একজন এবং দৌলতপুর থানা পুলিশ একজনকে আটক করে। তবে আটক ব্যক্তিদের নাম-পরিচয় প্রকাশ করেনি পুলিশ।
পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম জেলার বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, বাসে অগ্নিসংযোগসহ নাশকতামূলক কর্মকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এসব ঘটনার মাধ্যমে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অভিযোগে ১০ জনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।



