tanaka
প্রচ্ছদজাতীয়কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের পথে প্রধানমন্ত্রী

কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের পথে প্রধানমন্ত্রী

জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলন কপ-৩১-এ অংশ নিতে তিন দিনের রাষ্ট্রীয় সফরে তুরস্কের আন্তালিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরসঙ্গী হিসেবে তাঁর সঙ্গে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ৭টায় টার্কিশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তুরস্কের উদ্দেশে যাত্রা করেন প্রধানমন্ত্রী।

বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত, জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব ও সংসদ সদস্য এসএম জাহাঙ্গীর, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আব্দুস সাত্তার।

সফরসূচি অনুযায়ী, আন্তালিয়ায় পৌঁছানোর পরদিন কপ-৩১ সম্মেলনে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সম্মেলনের পাশাপাশি সাইডলাইনে কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে তাঁর দ্বিপক্ষীয় বৈঠক করার কথা রয়েছে।

তিন দিনের সফর শেষে শুক্রবার (১৩ নভেম্বর) প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।