রাজধানীর বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সোমবার (৯ নভেম্বর) বিকেল থেকে রাত পর্যন্ত এসব ঘটনা ঘটে। ফার্মগেট ও মিরপুরে দুটি বাসে আগুন দেওয়া হয়েছে। এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, সাউথইস্ট ইউনিভার্সিটি, ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত প্রাঙ্গণসহ বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এসব ঘটনায় নগরীর বিভিন্ন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পুলিশ সূত্রে জানা গেছে, রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর পল্লবী থানাধীন মিরপুর সাড়ে ১১ নম্বর পোস্ট অফিসের সামনে বসুমতি পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অগ্নিসংযোগের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে।
এর আগে সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে ফার্মগেট মেট্রোরেল স্টেশনের নিচে দাঁড়িয়ে থাকা লাব্বাইক পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। একই সময় শিল্পাঞ্চল থানার সাউথইস্ট ইউনিভার্সিটির সামনে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
সন্ধ্যা ৭টার দিকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান এসব ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, ফার্মগেটে বাসে অগ্নিসংযোগ এবং সাউথইস্ট ইউনিভার্সিটির সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।
এদিকে, সন্ধ্যায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় গেটসংলগ্ন পার্কিং এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটে। পার্কিং করে রাখা দুটি বাসের মাঝখানের ফাঁকা জায়গায় বিস্ফোরণটি হয়। এ ঘটনায় রেজওয়ান আহমেদ নামে এক ব্যক্তিকে আটক করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। তিনি বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। প্রাথমিকভাবে তিনি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার কর্মী বলে জানা গেছে।
অন্যদিকে, ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণের ঘটনায় দুজনকে হাতেনাতে আটক করেছে পুলিশ।
রাজধানীর বাঙলা কলেজ ক্যাম্পাসের ফটকেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। একই সঙ্গে ফটকের পাশের কয়েকটি দোকানে আগুন দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ছাড়া সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকার পাশ থেকে ককটেলভর্তি একটি ব্যাগ উদ্ধার করা হয়।
এদিকে, মগবাজার ফ্লাইওভারে পুলিশের চেকপোস্টে তল্লাশির সময় ককটেলসহ চারজনকে গ্রেপ্তার করেছে হাতিরঝিল থানা পুলিশ। সোমবার রাতে ডিএমপির তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান এ তথ্য নিশ্চিত করেন।
এ ছাড়া রাজধানীর মালিবাগ মোড়, মগবাজার মোড়, আদাবর থানার টোকিও স্কয়ারের সামনে, যাত্রাবাড়ী এবং গেন্ডারিয়ার দয়াগঞ্জ ব্রিজের নিচেও ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে।



