ইরানের দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় আবারও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। হরমুজ প্রণালির কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কেশম দ্বীপসহ কয়েকটি এলাকায় শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যায় এসব বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে বিস্ফোরণের কারণ কিংবা এর পেছনে কোনো হামলা রয়েছে কি না, তা নিয়ে এখনো ধোঁয়াশা কাটেনি।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে বিস্ফোরণের এ খবর পাওয়া গেছে।
রাষ্ট্রীয় টেলিভিশনের প্রতিবেদনে বলা হয়েছে, বিস্ফোরণের সঙ্গে হরমুজ প্রণালিতে ইরানের সামরিক তৎপরতার সম্পর্ক থাকতে পারে। তবে সংশ্লিষ্ট এলাকাগুলোতে কোনো ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে কি না, সে বিষয়ে নিশ্চিত করে কিছু জানায়নি ইরানি কর্তৃপক্ষ।
অন্যদিকে, আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি একটি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, কেশম দ্বীপে শোনা বিস্ফোরণের শব্দের সঙ্গে ক্ষেপণাস্ত্র হামলার কোনো সম্পর্ক নেই।
এদিকে রোববার ভোরে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌবাহিনী দাবি করেছে, হরমুজ প্রণালি দিয়ে চলাচলের সময় মাইনে আঘাত লেগে দুটি তেলবাহী জাহাজে আগুন ধরে যায়। জাহাজ দুটি ‘অনুমোদনহীন পথে’ চলাচলের চেষ্টা করছিল বলে দাবি করেছে বাহিনীটি।
তবে দক্ষিণ ইরানের বিভিন্ন এলাকায় বিস্ফোরণের ঘটনা এবং তেলবাহী দুটি জাহাজে আগুন লাগার মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কি না, তা এখনো পরিষ্কার নয়।
উল্লেখ্য, কয়েক দিন আগেই কেশম দ্বীপে হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র। মার্কিন এক কর্মকর্তা ওই হামলাকে সীমিত পরিসরের বলে বর্ণনা করেন। একই সঙ্গে তিনি দাবি করেন, এর মধ্য দিয়ে বড় ধরনের সামরিক অভিযান নতুন করে শুরু করা হয়নি।



